কলকাতা
যোগ্য তালিকা প্রকাশের দাবি! অনশনে যোগ আরও ২ শিক্ষকের
নিউজ ডেস্ক: আগে থেকে অনশন আন্দোলন করছিলেন ৩ জন চাকরিহারা শিক্ষক। এবার অনশন তীব্রতর করতে যোগ দিলেন আরও ২ যোগ্য শিক্ষক। ওই তিনজন শিক্ষকের সঙ্গে অনশনে গিয়ে বসলেন আরও দুই চাকরিহারা শিক্ষক।
বুধবার কসবার ডিআই অফিসে চাকরিহারাদের লাঠি-লাথি-ঘুসি মারার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে ওইদিন বুধবার রাত থেকেই স্কুল সার্ভিস কমিশনের দফতর বা এসএসসি দপ্তরের সামনে অবস্থানে বসেছেন চাকরিহারা শিক্ষকদের কয়েকজন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এসএসসি দফতরের সামনে অনশনে বসেছিলেন আন্দোলনকারী পঙ্কজ রায় নামের একজন শিক্ষক। বেলা বাড়তে সন্ধ্যে বেলা তাঁর সঙ্গে অনশনে বসলেন আরও দুই চাকরিহারা শিক্ষক। পঙ্কজের সঙ্গে যোগ দিলেন চাকরিহারা শিক্ষক প্রতাপ কুমার সাহা ও সুমন বিশ্বাস।
যোগ্য তালিকা প্রকাশের দাবিতে আরও তীব্রতর হচ্ছে আন্দোলন। চাকরিহারা শিক্ষকদের কথায়, পড়াশোনা করে পরীক্ষা দিয়ে বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পেয়েছিলাম। এখন অন্যের চুরির ভাগীদার হতে হচ্ছে। দোষ না করেও নিজের ঘাড়ে দুর্নীতির দায় নিতে হচ্ছে। চাকরি চলে গেলে খাব কী? সংসার বা চালাব কী করে? তাই বাধ্য হয়ে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিতে হয়েছে।
আরও পড়ুন – SSC দুর্নীতিতে চারজনের যোগ! ওএমআর শিটের তথ্য নষ্ট, অযোগ্য প্রার্থীদের নিয়োগ
যোগ্য চাকরি প্রার্থীদের আরও অভিযোগ, যেভাবে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের মিশিয়ে দেওয়া হল, তাতে শিক্ষক হিসেবে যা সামাজিক সম্মান ছিল, সেটাও নষ্ট করে দেওয়া হল। এর বিচার কী হবে? এর বিচার কে করবে?
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়দানে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। এর ফলে চরম দুর্দশার মধ্যে পড়েছেন তারা। দাবি জানিয়েছেন, যোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হোক। ২০১৬-এর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বেড়েই চলেছে। এসএসসি ভবনের সামনে যোগ্য চাকরিহারাদের ধরনা-অনশন চলছে। এবার এই অনশনে যোগ দিলেন আরও ২ শিক্ষক।
আরও পড়ুন – একদিকে চাকরি, অন্যদিকে ওয়াকফ আইনের বিরোধিতা! প্রতিবাদে নাজেহাল কলকাতাবাসী
