কলকাতা
আরব দুনিয়ায় যুদ্ধের দামামা: মদিনায় আটকে পড়লেন ফিরহাদ হাকিমের স্ত্রী, কন্যা ও নাতনি
ডিজিটাল ডেস্কঃ পবিত্র রমজান (Ramadan) মাসে মদিনায় গিয়ে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির (War Situation) জেরে আটকে পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, কন্যা ও নাতনি। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যুর পর গোটা আরব বিশ্ব জুড়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বিমান পরিষেবায়।
ফেসবুক লাইভে ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী হাকিম জানান, গত তিন দিন ধরে তাঁরা মদিনায় রয়েছেন। সেখানে মানুষের পরোপকারী মানসিকতা ও ধর্মীয় পরিবেশ তাঁকে মুগ্ধ করলেও, যুদ্ধের আবহ তাঁর মন ভেঙে দিয়েছে। তিনি জানান, ভিন দেশে আটকে থাকলেও বর্তমানে তাঁরা নিরাপদেই (Safe) আছেন। প্রিয়দর্শিনী বলেন, যারা পবিত্র সময়ে এই অশান্তি ছড়াচ্ছে, আল্লা যেন তাদের সুবুদ্ধি দান করেন। উল্লেখ্য, শুধু মেয়রের পরিবারই নয়, দুবাই ও সংলগ্ন অঞ্চলে বর্তমানে আটকে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোনল চৌহান এবং ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও।
সূত্রের খবর, ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ (Mossad) এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ (CIA) দীর্ঘদিনের পরিকল্পনার পর খামেনেই-এর অবস্থান চিহ্নিত করে এই মারণ হামলা (Deadly Attack) চালিয়েছে। শনিবার মধ্যরাতে ডোনাল্ড ট্রাম্প খামেনেই-এর মৃত্যুর দাবি করার পর রবিবার ভোরে ইরানের সরকারি সংবাদমাধ্যমও সেই খবরের সত্যতা নিশ্চিত করে। এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশসীমা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে, যার ফলে সাধারণ পর্যটক ও তীর্থযাত্রীরা চরম বিপাকে পড়েছেন।
