ভাইরাল খবর
দিনে-দুপুরে অভিনব কায়দায় চুরি রায়গঞ্জে! দুষ্কৃতী উধাও হতেই গণধোলাই চোরের সহযোগীকে
ডিজিটাল ডেস্কঃ যাত্রী সেজে টোটোতে উঠে চালকের মোবাইল নিয়ে সুকৌশলে চম্পট দিল এক প্রতারক। দিনে-দুপুরে রায়গঞ্জ (Raiganj) শহরের বুকে এই অভিনব চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় চুরিতে অভিযুক্ত ব্যক্তির এক সহযোগীকে (Associate) আটকে রেখে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগী ওই টোটো চালকের নাম দেবু দাস।
অভিযোগকারী (Complainant) টোটো চালক জানান, বৃহস্পতিবার তিনি বারদুয়ারি বাসস্ট্যান্ডে টোটো নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় দুজন অপরিচিত ব্যক্তি চাল কিনতে যাওয়ার নাম করে রায়গঞ্জের বকুলতলা মোড়ে যাওয়ার জন্য তাঁর টোটো ভাড়া করেন। তাঁদের মধ্যে আড়াইশো টাকা ভাড়াও ধার্য হয়। কিন্তু বারদুয়ারী থেকে বেরোনোর পর যাত্রীরা রুট বদলে শিলিগুড়ি মোড় হয়ে প্রথমে উদয়পুরে যান এবং তারপর সেখান থেকে আসেন পৌর বাসস্ট্যান্ডের সামনে।
সেখানে পৌঁছানোর পর এক যাত্রী জরুরি প্রয়োজনে অন্য কোথাও ফোন করার নাম করে টোটো চালকের কাছ থেকে মোবাইলটি চান। সরল বিশ্বাসে চালক দেবু দাস নিজের ফোনটি দিলে, ওই ব্যক্তি কথা বলতে বলতে সুকৌশলে সেখান থেকে উধাও (Vanished) হয়ে যান। বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরও ওই ব্যক্তি ফিরে না আসায়, টোটোতে বসে থাকা তাঁর অপর সহযোগীকে আটকে রাখা হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়ার সময় রায়গঞ্জের ফরেস্ট মোড়ে ওই সহযোগী চলন্ত টোটো থেকে লাফিয়ে পালানোর চেষ্টা (Attempt to Escape) করেন। তাঁকে ধরতে গিয়ে টোটো থেকে পড়ে আহত (Injured) হন এক মহিলা যাত্রী। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনতা ওই ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে গণধোলাই (Mass Beating) দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ (Police) পৌঁছালে উদ্ধার করে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

