কলকাতা
‘কলকাতা এখন বস্তির শহর’! দমদমের সভা থেকে মমতাকে তীব্র আক্রমণ অমিত শাহের
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বঙ্গ বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার প্রাক্কালে কলকাতার প্রান্তিক জনসভায় দাঁড়িয়ে শাসক শিবিরকে তীব্র বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ। বুধবার উত্তর দমদমের সভা থেকে তিনি অভিযোগ করেন, গত কয়েক দশকের অপশাসনে কলকাতার তিলোত্তমা তকমা ঘুচে গিয়েছে এবং শহরটি আজ ‘বস্তির শহর’-এ (City of Slums) রূপান্তরিত হয়েছে। শাহের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে বস্তি এলাকায় অনুপ্রবেশকারীদের (Infiltrators) পুনর্বাসন দিচ্ছেন।
এদিন নগরবাসীর আবেগকে হাতিয়ার করে শাহ বলেন, এই লড়াই কোনো সাধারণ বিধায়ক নির্বাচনের জন্য নয়, বরং কলকাতার হারিয়ে যাওয়া ঐতিহ্য (Legacy) পুনরুদ্ধারের সংকল্প। তাঁর মতে, দেশের অনেক বড় শহর আজ বস্তিমুক্ত হলেও কলকাতা কেন পিছিয়ে রয়েছে, তার জবাব দিতে হবে শাসকদলকে। তিনি ভোটারদের আহ্বান জানান, রাজ্যের উন্নয়ন ও অনুপ্রবেশ সমস্যা সমাধানের লক্ষ্যে ভোট দিয়ে কলকাতাকে পুনরায় দেশের শ্রেষ্ঠ শহর হিসেবে প্রতিষ্ঠিত করতে।
আগামী ৪ মে ভোটের ফলাফল (Election Results) প্রকাশের দিনক্ষণ স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একপ্রকার নিশ্চিত সুরে বলেন যে, দুপুরের মধ্যেই তৃণমূল শাসনের অবসান ঘটবে। তাঁর ভাষায়, ফলাফল প্রকাশের পরেই হবে— “দিদি টাটা, গুড বাই!” তবে শাহের এই ‘বস্তির শহর’ মন্তব্য নিয়ে ইতিমধেই সমালোচনার ঝড় উঠেছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, শহরের মেহনতি মানুষদের (Working Class) ছোট করার পাশাপাশি কলকাতার আত্মপরিচয়কেও আঘাত করেছেন তিনি। এখন দেখার, ভোটের ময়দানে শাহের এই পরিকাঠামো ও জনবিন্যাস (Demographics) পরিবর্তনের ডাক সাধারণ ভোটারদের কতটা প্রভাবিত করে।


