বিশ্বের খবর
হোয়াইট হাউসের বাইরে ভয়াবহ গুলিকাণ্ড! পাল্টা গুলিতে নিহত ২১ বছরের নাসিরে বেস্ট
ডিজিটাল ডেস্কঃ ওয়াশিংটন ডিসির (Washington DC) কড়া নিরাপত্তায় ঘেরা হোয়াইট হাউসের বাইরে আকস্মিক গুলিবর্ষণের (shooting) ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ১৭তম স্ট্রিট নর্থওয়েস্ট এলাকায় সিক্রেট সার্ভিস চেকপয়েন্টের সামনে ব্যাগ থেকে বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ২১ বছর বয়সী এক যুবক। মুহূর্তের মধ্যে অবস্থান নিয়ে পালটা গুলি চালান সিক্রেট সার্ভিস (Secret Service) আধিকারিকরা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত যুবকের নাম নাসিরে বেস্ট (Nasire Best)। তিনি আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা ছিলেন। তদন্তে উঠে এসেছে যে, নাসিরে দীর্ঘদিন ধরে তীব্র মানসিক সমস্যায় (mental health issues) ভুগছিলেন। তিনি নিজেকে আধুনিক যুগের ‘যীশু খ্রিস্টের অবতার’ বলে মনে করতেন। এর আগেও একাধিকবার হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশ এবং ২০২৫ সালের জুন মাসে সিক্রেট সার্ভিসের এজেন্টদের হুমকি (threaten) দেওয়ার অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি বারবার সেখানে ঘুরে বেড়াতেন।
এই গোলাগুলির মাঝে পড়ে এক পথচারীও গুরুতর জখম (injured) হয়েছেন। ঘটনার সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হোয়াইট হাউসের ভেতরে ইরানের সাথে একটি সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে শীর্ষ স্তরের বৈঠকে ব্যস্ত ছিলেন। তবে তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)-এর ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হোয়াইট হাউস চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।


