কলকাতা
কলকাতায় সিবিআই হানা, হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় তল্লাশি
ডিজিটাল ডেস্কঃ সাতসকালে কলকাতায় (Kolkata) ফের তল্লাশি অভিযান চালাল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। প্রায় এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা (Bank Fraud) মামলার তদন্তে সকাল থেকে শহরের একাধিক এলাকায় একযোগে অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাঙ্কের (UCO Bank) দায়ের করা একটি মামলার ভিত্তিতেই এই তল্লাশি। অভিযানের মূল কেন্দ্র আলিপুর (Alipore) এলাকা। ‘শ্রেয়ী’ নামে একটি ফিনান্স সংস্থার কর্ণধার সুনীল কানোরিয়া ও হেমন্ত কানোরিয়ার বাড়ি ও অফিসে তল্লাশি চলছে বলে খবর।
আলিপুরের নিউ রোড ও আলিপুর অ্যাভিনিউ—এই দুই জায়গাতেই সিবিআই আধিকারিকরা (CBI Officials) পৌঁছন। যদিও এখনও পর্যন্ত মূল অভিযুক্তদের দেখা মেলেনি বলে জানিয়েছে সংস্থা। পাশাপাশি, কলকাতার আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে দফায় দফায় প্রায় ৭৩০ কোটি ও পরে আরও ২৬০ কোটি টাকা ঋণ নিয়ে তা তছরুপ করা হয়। এই মামলায় দু’টি সংস্থা, দুই ব্যবসায়ী ও এক অজ্ঞাতপরিচয় সরকারি কর্মচারীর নাম জড়িয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১২০(বি) ধারা ও দুর্নীতি দমন আইনে মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশেই সিবিআই এই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে।
