দেশের খবর
জঙ্গি হামলার পর আস্থা ফেরাতে মন্ত্রিসভার বৈঠক, পর্যটন উদ্ধারে উদ্যোগ ওমর আবদুল্লার
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ কাশ্মীরের পহেলগামে (Pahalgam) পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পরে রাজ্য প্রশাসন এবার আস্থা ফেরাতে ময়দানে নামল। গত ২২ এপ্রিল ওই এলাকায় জঙ্গিরা পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে নির্বিচারে গুলি চালায়, যাতে মৃত্যু হয় ২৬ জনের। ঘটনায় চিহ্নিত হওয়া সন্ত্রাসবাদীরা এখনও অধরা। ওই নারকীয় ঘটনার অভিঘাতে কাশ্মীরের পর্যটন খাতে আস্থার ভিত কার্যত ভেঙে পড়ে।
এই প্রেক্ষাপটেই মঙ্গলবার পহেলগামে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) ডেকেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। শ্রীনগর বা জম্মুর বাইরে এই প্রথম মন্ত্রিসভার বৈঠক, যা নিরাপত্তা ও স্থিতিশীলতার বার্তা দেওয়ার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।
সরকারি সূত্র জানায়, মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বৈঠকের পর স্থানীয় পর্যটন ব্যবসায়ী, হোটেল মালিক, ঘোড়াওয়ালা ও গাইডদের সঙ্গে আলোচনায় বসবেন। তাঁরা জানবেন কীভাবে পর্যটন পুনরুজ্জীবিত করা যায়, এবং কোথায় কোথায় প্রশাসনিক সহায়তা প্রয়োজন।
আরও পড়ুনঃ বাংলাদেশে আবার সংখ্যালঘু নির্যাতন! BNP নেতার হত্যার জেরে ছড়াল সাম্প্রদায়িক আগুন
জঙ্গি হামলার পরের দিনগুলোয় হাজার হাজার পর্যটক উপত্যকা ছেড়ে চলে যান। বুকিং বাতিলের ঢেউ বয়ে যায় দেশজুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। এমনকী পহেলগামের বাসিন্দারা নিজেরা মোমবাতি মিছিল করে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করেন। তবে পর্যটকদের আস্থা ফিরেছে, এমন বলা যায় না।
এর মধ্যেই ভারত-পাকিস্তান সীমান্তে ৭ থেকে ১০ মে পর্যন্ত চলা ‘অপারেশন সিন্ধুর’ (Operation Sindhoor) নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। উপত্যকার পর্যটন নির্ভর অর্থনীতিতে যার বড় ধাক্কার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ দুটি বার্তা দিতে চায়— একদিকে, দেশ-বিদেশের পর্যটকদের জানানো, কাশ্মীর এখনও নিরাপদ; এবং অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের উৎসাহ দেওয়া, যাতে তাঁরা আবার আত্মবিশ্বাস নিয়ে পর্যটন শিল্পকে ফিরিয়ে আনতে পারেন।
