কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান! উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদীও
Connect with us

দেশের খবর

কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান! উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদীও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পরই এক ঐতিহাসিক প্রাপ্তি ঘটল কলকাতার। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) মূল জাতীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে তিলোত্তমায়। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের (Ayush Ministry) ঘোষণা অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতিতে কলকাতার রেড রোড (Red Road) এবং তার সংলগ্ন এলাকায় এই মেগা কর্মসূচি আয়োজিত হবে, যেখানে লক্ষাধিক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

বুধবার মধ্যপ্রদেশের খাজুরাহোতে আয়োজিত ‘যোগ মহোৎসব ২০২৬’ অনুষ্ঠান থেকে এই ঘোষণাটি করেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব। তিনি জানান, ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের পীঠস্থান কলকাতাই এবার মূল অনুষ্ঠানের আতিথেয়তা করবে। এ বছরের যোগ দিবসের মূল ভাবনা বা থিম (Theme) নির্ধারণ করা হয়েছে ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ (Yoga for Healthy Ageing)। বয়স বৃদ্ধির সাথে সাথে শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা হিসেবে যোগের গুরুত্ব অপরিসীম।

কলকাতায় মোদীর উপস্থিতিতে এই মেগা ইভেন্টের খবরে শহরের যোগমহলে উৎসাহের পারদ চড়েছে। সম্প্রতি নবান্নে যোগবিশেষজ্ঞদের সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে তিনি এই আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন। ক্রীড়াভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগে রাজনৈতিক পরিবেশ (Political Environment) অনুকূল না থাকায় এমন সুযোগ মেলেনি, যা এবার পালাবদলের উপহার হিসেবে এলো। সাধারণ মানুষের সুবিধার্থে অনুষ্ঠানে নাম নথিভুক্তকরণের জন্য ‘যোগ সঙ্গম পোর্টাল’ এবং পরিকাঠামো উন্নয়নে ‘যোগ পার্ক পোর্টাল’ চালু করা হয়েছে। আপাতত ২১ জুনের এই মহাসমাবেশকে সফল করতে কেন্দ্র ও রাজ্য উভয় প্রশাসনের তৎপরতা তুঙ্গে।

Advertisement
ads
Continue Reading
Advertisement