দেশের খবর
৪৭টি শহরে ৫১ হাজার চাকরি বিলি! রোজগার মেলা থেকে বিরোধীদের মোক্ষম জবাব মোদির
ডিজিটাল ডেস্কঃ ভারত আজ উন্নয়নের পথে এত দ্রুত এগোচ্ছে যে গোটা বিশ্ব দেশের এই অগ্রযাত্রায় শামিল হতে চাইছে। শনিবার দেশের ৪৭টি শহরে আয়োজিত ‘রোজগার মেলা’ (Rojgar Mela) থেকে দেশের উন্নয়ন ও কর্মসংস্থানের এক অভূতপূর্ব খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এদিন কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাওয়া ৫১ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি।
সেখান থেকেই মোদি দাবি করেন, সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে (PPP Model) দেশে বর্তমানে বিপুল কর্মসংস্থান তৈরি হচ্ছে। কর্মসংস্থানের জোয়ারের উদাহরণ দিতে গিয়ে খানিক রসিকতার সুরে প্রধানমন্ত্রী বলেন, “আমি পরিচ্ছন্নতা অভিযান ও স্বচ্ছতার কথা ভুলি না। জল জীবন মিশনে (Jal Jeevan Mission) দেশের এত সংখ্যক কলের মিস্ত্রি বা প্লাম্বার (Plumber) যুক্ত রয়েছেন যে, শহরে দ্রুত গতিতে পিএনজি বা গ্যাস সংযোগ (Gas Connection) দেওয়ার জন্য আমি নিজে মিস্ত্রি খুঁজে পাচ্ছি না! সবাই কাজে ব্যস্ত, আজকাল কাজ করার লোক চেয়েও পাওয়া যাচ্ছে না।”
শুধু সাধারণ কর্মসংস্থানই নয়, কৌশলগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জাহাজ নির্মাণ থেকে শুরু করে সেমিকন্ডাক্টার হাব (Semiconductor Hub), সর্বত্র লক্ষ লক্ষ দক্ষ তরুণের কর্মসংস্থান হচ্ছে। দেশে ইতিমধ্যেই ২ লক্ষ ৩০ হাজারের বেশি স্টার্ট আপ (Start-up) সংস্থা নথিভুক্ত হয়েছে। নেদারল্যান্ডসের এএসএমএল (ASML) সংস্থার সঙ্গে টাটার চুক্তি, সুইডেনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আমিরশাহীর সঙ্গে সুপার কম্পিউটিং চুক্তি ভারতকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।


