কলকাতা
২’সপ্তাহ পর শুনানি! ঝুলেই রইলো পার্থর জামিনের মামলা, কেন?
নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে বহুদিন ধরে কারাবাস বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে ইতিমধ্যেই ইডির মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, ইডির মামলায় জামিন মিললেও সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। সেই জামিন পেতে মরিয়া হয়ে উঠেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এমত অবস্থায় সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন। তবে সিবিআই প্রত্যেক বারই তাঁর জামিনের বিরোধিতায় প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখে সওয়াল করছে।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা দিতে চায় সিবিআই। ওই হলফনামা পেশের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টের কাছে সময় চাইলো চার সপ্তাহ। তবে চার সপ্তাহের বদলে সিবিআইকে দু’সপ্তাহ সময় দিয়েছে বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চ। বলেছেন, চার সপ্তাহ নয় দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।
প্রসঙ্গত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই জামিন মামলার শুনানির জন্য কলকাতা হাইকোর্টকে তৃতীয় বেঞ্চ গঠন করতে হয়েছিল। কারণ, সিবিআই মামলায় পার্থকে জামিন দেওয়া নিয়ে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সহমত হতে পারেননি।
এদিকে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া চন্দন মণ্ডল, সুব্রত সামন্ত, কৌশিক ঘোষ, আলি শাহিদ ইমাম-এর জামিনের আর্জি মঞ্জুর করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায়। কিন্তু, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চটোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহার জামিন মঞ্জুর করেননি বিচারপতি অপূর্ব সিনহা রায়। অন্যদিকে, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সকলের জামিন মঞ্জুর করেছিলেন।
আরও পড়ুন – ফের হাইকোর্টে সুজয়কৃষ্ণ ভদ্র! জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন
তাই এই দ্বিমত তৈরি হওয়ায় এই মামলা চলে যায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশেই গঠন করা হয় নতুন বেঞ্চ। সেই তৃতীয় বেঞ্চে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে মামলাটির শুনানি হয়। কিন্তু, বিচারপতি তপোব্রত চক্রবর্তীও পার্থদের জামিনের আবেদন খারিজ করে দেন।
এরপরই তৃতীয় বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদিন সেই মামলারই শুনানি হয় বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চে। পার্থর জামিনের মামলা ঝুলেই রইলো, পাল্টা সিবিআই হলফনামা দিতে চায়, এই আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টে। দু’সপ্তাহ পর হবে এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন – বারুইপুরে শুভেন্দুর উপর হামলা! বিধানসভায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের
