কলকাতা
পার্থর বিধানসভা কেন্দ্রের ১০টি ওয়ার্ডের নতুন সভাপতিদের নাম ঘোষণা করল জেলা তৃণমূল
নিউজ ডেস্ক: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনের আগেই দল নিয়ে অতি সক্রিয় হয়ে উঠেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এবার ঘোষণা করা হল বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১০টি ওয়ার্ডে জেলা সভাপতিদের নাম।
প্রায় তিন বছর ধরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি হয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তথা বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এবার তাঁরই অনুপস্থিতিতে বিরাট পদক্ষেপ নিল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। চলতি মাসের প্রথম সপ্তাহেই পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১০টি ওয়ার্ডে নতুন সভাপতিদের নাম ঘোষণা করল দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ যোগ্য ভাবে সেই তালিকায়, গুরুত্ব পেয়েছেন সাসপেন্ডেড বিধায়ক পার্থর ঘনিষ্ঠ বলে পরিচিতরা। এখনও অব্দি আরও তিনটি ওয়ার্ডে সভাপতিদের বহাল রাখা হয়েছে। জানা যাচ্ছে, তারাও বেহালার রাজনীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত।
আরও পড়ুন – ইজরায়েলের পতাকা হাতে অর্জুন সিং, উত্তাল রাজনীতি, এফআইআরে নাম তৃণমূল বিধায়কের
কারা কারা পেলেন দায়িত্ব? জেনে নিন
বেহালা পশ্চিমের ১১৮ নং ওয়ার্ডের সভাপতি পদে থেকে গিয়েছেন অঞ্জন চক্রবর্তী। যিনি পার্থর ঘনিষ্ট বলে পরিচিত। এদিকে ১১৯ নং ওয়ার্ডের সভাপতি বদল করা হয়েছে। বিকল্প হিসাবে নতুন সভাপতির দায়িত্বে আনা হয়েছে প্রবীণ অংশুকুমার চট্টোপাধ্যায়কে।
এদিকে ১২৫ নং ওয়ার্ডের দীর্ঘ দিনের সভাপতি ছিলেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মিহির বসাক। বয়স এবং অসুস্থতার জেরে তাকেসভাপতির দায়িত্ব থেকে এবার অব্যাহতি দেওয়া হল। সভাপতি পদে নতুন দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ অধিকারী। তিনিও বেহালা পশ্চিমের পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত।
১২৬ নং ওয়ার্ডের সভাপতির দায়িত্বে ছিলেন প্রয়াত কাউন্সিলর শিপ্রা ঘটক। তাঁর প্রয়ানে ওই ওয়ার্ডে সভাপতির পদ শূন্যই পড়েছিল। সেই পদে আনা হয়েছে সুদীপ রায়কে। এই সুদীপ বাবুও পার্থ ঘনিষ্ট বলে পরিচিত। ১২৮ নং ওয়ার্ডের নতুন সভাপতি করা হয়েছে সঞ্জীব রাজকে। ১৩২ নং ওয়ার্ডে সভাপতি পদে রেখে দেওয়া হয়েছে দীর্ঘ দিনের পার্থ ঘনিষ্ঠ অভিজিৎ দে কে। ১২৯ নম্বর ওয়ার্ডের সভাপতি করা হয়েছে সুবীর বরাটকে।
১৩১ নং ওয়ার্ডের সভাপতি করা হয়েছে দেবজ্যোতি গায়েনকে। যিনি রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। একই ভাবে ১৩০ নং ওয়ার্ডের সভাপতি করা হয়েছে কৌশিক বন্দ্যোপাধ্যায়কে। যিনি স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।
১২৯ নং ওয়ার্ডের দীর্ঘ দিনের কাউন্সিলর ছিলেন অঞ্জন দাস। বর্তমানে তাঁর স্ত্রী সংহিতা দাস ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং কলকাতা পুরসভার ১৪ নম্বর বোরো কমিটির চেয়ারপার্সন। তাই ওই ওয়ার্ডে অঞ্জনের মতামতকে গুরুত্ব দিয়েছে তৃণমূল।
আরও পড়ুন – জেলে যেতে হচ্ছে না, তবে দুর্নীতির অভিযোগ জারি থাকবে: বিকাশরঞ্জনের প্রতিক্রিয়া
