জেলার খবর
ঠান্ডায় কাঁপছে গোটা উত্তরবঙ্গ
নিউজ ডেস্ক , ২৭ জানুয়ারী : প্রবল ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গের জেলাগুলি। পৌষ সংক্রান্তির দু’দিন আগে থেকেই তীব্র ঠাণ্ডায় জবুথবু অবস্থা সাধারণ মানুষের। দিনভর কুয়াশাচ্ছন্ন থাকছে জেলাগুলিতে উষ্ণতার খোঁজে বিভিন্ন আগুনের তাপ নিতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে।
ঠান্ডার দাপটে সকাল-সন্ধ্যা আপাদমস্তক গরম পোশাক পড়ে থাকছেন ছোট থেকে বড় সকলেই। ঠাণ্ডা থেকে বাঁচতে অনেকেই গরম জল ব্যবহার করছেন৷ উল্লেখ্য দিল্লি, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রবল ঠান্ডা অব্যাহত। একই পরিস্থিতি উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তাপমাত্রা ঘোরাফেরা করছে ৫ থেকে ১০ এর মধ্যে৷ দিনের বেলা সূর্যের দেখা মিলছে না। বিকেল হতে হতেই তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কারণে বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ি জেলা গুলিতে ঠান্ডার দাপট অব্যাহত রয়েছে৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি থাকবে। কোথাও আবার তা ৫০ মিটারে নেমে যেতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
