দিনদুপুরে শুটআউট, নারায়ণপুরে আতঙ্কে ঘরবন্দি স্থানীয়রা
Connect with us

কলকাতা

দিনদুপুরে শুটআউট, নারায়ণপুরে আতঙ্কে ঘরবন্দি স্থানীয়রা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শুক্রবার দুপুরে রাজারহাটের নারায়ণপুর এলাকায় আচমকা গুলির শব্দে থমকে গেল জনজীবন। অভিযোগ, একটি নির্দিষ্ট বাড়িকে লক্ষ্য করে দুষ্কৃতীরা চালায় একের পর এক গুলি। স্থানীয়দের দাবি, অন্তত ১৫ থেকে ২০ রাউন্ড গুলির আওয়াজ শোনা যায়। শুধু গুলিই নয়, হামলাকারীরা ওই বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুরও চালায় বলে অভিযোগ। আতঙ্কে দরজা-জানালা বন্ধ করে ঘরবন্দি হয়ে পড়েন বাসিন্দারা।

ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে রাজারহাট থানার পুলিশ। এলাকা ঘিরে ফেলা হয় এবং শুরু হয় তদন্ত। তবে ততক্ষণে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ আশ্বাস দিয়েছে, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করা হবে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুনঃ তুচ্ছ ঝগড়া থেকে খুন! ১১ বছরের ভাইপোকে কুপিয়ে মারল কাকা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ঈদ উপলক্ষে শেখ আজাদ নামে এক ব্যক্তি প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দাবি করা হচ্ছে, বর্তমান তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এই নিমন্ত্রণে অসন্তুষ্ট ছিলেন এবং সে নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। আজাদের ঘনিষ্ঠরা দাবি করেছেন, এই ঘটনার প্রতিবাদ জানানোয় শুক্রবার তাঁদের উপর চড়াও হয় তাপস ঘনিষ্ঠ কিছু দুষ্কৃতী।

Advertisement
ads

শেখ আজাদের পরিবারের দাবি, তাঁকেই টার্গেট করে গুলি ছোঁড়া হয়েছিল। ভাগ্যক্রমে তিনি অক্ষত থাকলেও, মুহূর্তেই তাঁর বাড়ি পরিণত হয় রণক্ষেত্রে। এই হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তদন্তকারীরা বলছেন, হামলাকারীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার উপকণ্ঠে এমন ঘটনা ফের রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে।