ভাইরাল খবর
বেলঘরিয়ায় তৃণমূল নেতা গুলিবিদ্ধ, মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি!
ডিজিটাল ডেস্কঃ বেলঘরিয়ার কামারহাটিতে তৃণমূল শ্রমিক নেতা বিকাশ সিংকে গুলি করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তি ভিকি যাদব, যার বাইক ব্যবহার করেই দুষ্কৃতীরা শনিবার রাতে হামলা চালায়। তদন্তে উঠে এসেছে মূল অভিযুক্ত ইন্দাল যাদবের নাম, যাকে ধরতে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে।
শনিবার রাতে বেলঘরিয়ার ৪ নম্বর রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন বিকাশ সিং। সেই সময় একদল দুষ্কৃতী মোটরবাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করা হলে বর্তমানে তিনি কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তিনি স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত। গুলির আঘাতে সন্তু দাস নামে আরও এক ব্যক্তি আহত হন, তবে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃবিচ্ছেদের পরই দুবাইয়ে জনপ্রিয় নেটপ্রভাবীর সঙ্গে চহাল! ভক্তদের কৌতূহল তুঙ্গে
ঘটনার পরই তদন্তে নামে বেলঘরিয়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং সেই সূত্র ধরে বাইকের মালিক ভিকি যাদবের সন্ধান পাওয়া যায়। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে রবিবার রাতে তাঁকে খড়দহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশি জেরায় উঠে আসে মূল অভিযুক্ত ইন্দাল যাদবের নাম।
তদন্তকারীদের মতে, ঘটনার দিন রাতে ভিকি যাদবের জন্মদিনের অনুষ্ঠান ছিল, যেখানে ইন্দাল যাদবসহ আরও দুই যুবক উপস্থিত ছিলেন। সেখানেই মদ্যপানের সময় বিকাশ সিংকে হত্যা করার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, তাঁরা বাইক নিয়ে বেরিয়ে পড়েন এবং চায়ের দোকানের সামনে গিয়ে হামলা চালান। পুলিশ এখন ইন্দাল যাদবের খোঁজ করছে, কারণ তাঁকে ধরতে পারলেই এই শুটআউটের প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা।
