কোচবিহার
ফের কোচবিহারে NRC নোটিশ! অসমের ফরেনার্স ট্রাইবুনালের চিঠি ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর
ডিজিটাল ডেস্কঃ ফের NRC নোটিশ পশ্চিমবঙ্গে! কোচবিহারের লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাসিন্দার হাতে আসাম ফরেনার্স ট্রাইবুনাল (Foreigners Tribunal, Assam) থেকে চিঠি আসতেই উত্তপ্ত হয়ে উঠেছে জেলা রাজনীতি। প্রাপক নিশিকান্ত দাস (Nishikanta Das) নামের ওই ব্যক্তি মাথাভাঙ্গা ২ ব্লকের বাসিন্দা। সূত্রের খবর, কিছুদিন আগেই কোচবিহারেই NRC-র একই ধরনের নোটিশ পান এক ব্যক্তি—উত্তম কুমার ব্রজবাসী। এরপর থেকেই তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে লাগাতার প্রতিবাদে সরব।
ঘটনার পুনরাবৃত্তি যেন জেলায় রাজনৈতিক তর্জাকে আরও শান দিচ্ছে। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Abhijit De Bhowmik) স্পষ্ট জানান, “আমরা কোনও ডকুমেন্টস পাঠাব না। রাজ্যবাসীকে ভয়ের পরিবেশে রাখা হচ্ছে। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট বলে দিয়েছেন, এই ধরনের চিঠি রাজ্যে কার্যকর নয়।”
আরও পড়ুনঃ কলেজে আত্মঘাতী ছাত্রী, ‘ফেল করানোর হুমকি ও অর্থ আদায়ের চাপেই আত্মহত্যা’ দাবি সহপাঠীদের
তিনি আরও বলেন, “এরপরও যদি NRC নোটিশ আসে, তাতে আমরা কোনও গুরুত্ব দেব না। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা পথে নামব। এনআরসি আসামের বিষয়, পশ্চিমবঙ্গে এর কোনও অস্তিত্ব নেই।”
NRC বা National Register of Citizens নিয়ে এই ধরণের ঘটনা ফের একবার রাজ্যের প্রশাসনিক মহলেও চাঞ্চল্য তৈরি করেছে। রাজনৈতিক মহলের মতে, এনআরসি-র নামে এমনভাবে চিঠি পাঠানো পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে নির্দিষ্ট কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এনআরসি বিতর্ক ঘিরে যে রাজ্যজুড়ে রাজনৈতিক পারদ চড়ছে, তা বলাই বাহুল্য।
