দুপুরে শুভেন্দুর বৈঠকে, বিকেলেই ইস্তফা! মমতাকে চিঠি দিয়ে কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম
Connect with us

ভাইরাল খবর

দুপুরে শুভেন্দুর বৈঠকে, বিকেলেই ইস্তফা! মমতাকে চিঠি দিয়ে কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র (Mayor) পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দলীয় সূত্রে জানা গিয়েছে, তিনি আগেই তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত সেই আবেদন মঞ্জুর হওয়ায় দীর্ঘদিনের প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।

বুধবারের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, একই দিনে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠকেও উপস্থিত ছিলেন। আর বিকেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র (Resignation Letter) জমা দেন।

সূত্রের খবর, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুর প্রশাসনের কাজে নানা বাধা ও জটিলতার মুখোমুখি হচ্ছিলেন ফিরহাদ। ঘনিষ্ঠ মহলে তিনি নাকি জানিয়েছেন, মেয়র পদে থাকলেও স্বাধীনভাবে কাজ করা সম্ভব হচ্ছিল না। সেই কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন, ফিরহাদ হাকিম গত কয়েকদিন ধরেই দলনেত্রীর কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছিলেন। তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করা কঠিন হয়ে উঠেছিল। সমস্ত দিক বিবেচনা করেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পদত্যাগে সম্মতি দিয়েছেন।

Advertisement
ads

তথ্য অনুযায়ী, এখন কলকাতা পুরসভার চেয়ারম্যান বা কমিশনারের (Commissioner) কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কবে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের একাধিক পুরসভায় অস্থিরতা দেখা দিয়েছে। বিভিন্ন পুর বোর্ডে পরিবর্তন, কাউন্সিলরদের (Councillor) পদত্যাগ এবং রাজনৈতিক পুনর্বিন্যাসের আবহে এবার কলকাতার মেয়র পদ থেকে ফিরহাদের সরে দাঁড়ানো নতুন করে জল্পনা উসকে দিয়েছে।