দুর্ঘটনা
এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ল, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা, কমপক্ষে ২০০ জনের মৃত্যুর আশঙ্কা
ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ বিমান দুর্ঘটনা। কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। গুজরাটের আহমেদাবাদের (Ahmedabad) মেঘানিনগরে (Meghaninagar) ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার (Air India) একটি যাত্রীবাহী বিমান (Passenger Aircraft)। স্থানীয় সূত্রে খবর, বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর (Ahmedabad Airport) থেকে উড়ে লন্ডনের (London) উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায় বিমানটি।
প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, এই দুর্ঘটনায় অন্তত ২০০ জনের (200 People) মৃত্যু হতে পারে। যদিও এখনও পর্যন্ত স্থানীয় সূত্র জানিয়েছে, ওই যাত্রীবাহী বিমানে যাত্রীর সংখ্যা ছিল ১৩৩ জন । তবে সরকারি হিসাব এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়। দুর্ঘটনার পরই গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বহু বাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের (Fire Brigade) তিনটি ইঞ্জিন, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আগুন নেভানোর। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি (Technical Failure) বা ইঞ্জিনে আগুন লাগার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
দেশের আকাশে সাম্প্রতিক কালে এত বড় বিমান দুর্ঘটনার নজির নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক প্রত্যক্ষদর্শী জানান, “হঠাৎ বিকট আওয়াজ শুনতে পাই। দেখি, বিমানটা খুব দ্রুত নীচে নামছে। তার পর মুহূর্তের মধ্যে মাটিতে পড়তেই আগুন ছড়িয়ে পড়ে।”
দ্রুত মৃত ও আহতদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হবে।
