দুর্ঘটনা
যুদ্ধবিমান দুর্ঘটনায় শহিদ দুই বায়ুসেনা পাইলট! কেন বারবার দুর্ঘটনার কবলে সুখোই?
ডিজিটাল ডেস্কঃ ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) অন্দরে শোকের ছায়া। বৃহস্পতিবার রাতে প্রশিক্ষণ (Training) চলাকালীন অসমের জোড়হাটে ভেঙে পড়ল একটি শক্তিশালী সুখোই-৩০ এমকেআই (Sukhoi-30 MKI) যুদ্ধবিমান। এই ভয়াবহ দুর্ঘটনায় (Accident) স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর শহিদ হয়েছেন।
বায়ুসেনা সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় জোড়হাট এয়ারবেস (Airbase) থেকে রুটিন প্রশিক্ষণের জন্য বিমানটি উড্ডয়ন করেছিল। কিন্তু সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের পর থেকে কন্ট্রোল রুমের সাথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন (Disconnected) হয়ে যায়। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার সকালে জানা যায়, জোড়হাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলায় বিমানটি আছড়ে পড়েছে। বায়ুসেনার উদ্ধারকারী দল পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ (Wreckage) ও পাইলটদের মরদেহ উদ্ধার করে।
সুখোই-৩০ এমকেআই একটি অত্যন্ত শক্তিশালী টুইন-ইঞ্জিন (Twin-engine) যুদ্ধবিমান, যা রাশিয়ার সুখোই এভিয়েশন কর্পোরেশন দ্বারা নির্মিত। এটি শব্দের দ্বিগুণ গতিতে উড়তে পারে এবং ব্রহ্মোস (Brahmos) সুপারসনিক ক্রুজ মিসাইল বহনে সক্ষম। তা সত্ত্বেও, গত কয়েক বছরে নাসিক এবং গোয়ালিয়রেও এই ধরনের বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।
বায়ুসেনার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “আমরা আমাদের দুই সাহসী সদস্যকে হারিয়ে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা (Condolences) রইল।” কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো কারণে এই বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের (Investigation) নির্দেশ দেওয়া হয়েছে।


