দুর্ঘটনা
দাউ দাউ জ্বলল কারখানা! নরেন্দ্রপুর ও উলুবেড়িয়ায় বিধ্বংসী আগুনে পুড়ল কোটি কোটি টাকা
ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার সকাল থেকেই অমঙ্গলের ছায়া নেমে এল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর এবং হাওড়ার উলুবেড়িয়ায়। একদিকে নরেন্দ্রপুরের রামচন্দ্রপুর এলাকায় একটি কালি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Incident), অন্যদিকে উলুবেড়িয়ার বাউড়িয়ার নর্থ জুট মিলে বিধ্বংসী আগুনে (Massive Fire) কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আচমকাই নরেন্দ্রপুরের কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। কারখানায় বিপুল পরিমাণ রাসায়নিক (Chemical), কাগজ এবং দাহ্য পদার্থ (Flammable Materials) মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। আতঙ্কে কর্মীরা ছুটোছুটি শুরু করেন। প্রথমে কারখানার কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর দেওয়া হয় দমকল বিভাগকে।
ঘटनাস্থলে প্রথমে দুটি ইঞ্জিন পৌঁছালেও পরে আরও ইঞ্জিন পাঠানো হয়। মোট ছয়টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামে। স্থানীয়দের দাবি, আগুন লাগার পর বিস্ফোরণের মতো শব্দও শোনা যায়। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। শর্ট সার্কিট (Short Circuit) নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখছে প্রশাসন।
অন্যদিকে সোমবার গভীর রাতে উলুবেড়িয়ার নর্থ জুট মিলে ভয়াবহ আগুন লাগে। মিলের বি-ওয়ান বিভাগ এবং বেল গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। ভিতরে প্রচুর পাট মজুত থাকায় আগুন দ্রুত ভয়ঙ্কর রূপ নেয়। দমকলের ছয়টি ইঞ্জিন প্রায় ১০ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। মিল কর্তৃপক্ষের দাবি, ক্ষতির পরিমাণ অন্তত ৪০ কোটি টাকা।
দুই ঘটনায়ই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ (Fire Safety) পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তদন্ত শুরু করবে দমকল ও প্রশাসন।


