ধর্ম
দিঘায় প্রথম রথযাত্রা! নিরাপত্তা ঘিরে নবান্নে আজ জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্ক: এবারের বিশেষ আকর্ষণ, দিঘা (Digha) সমুদ্রসৈকতে সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) এই প্রথম রথযাত্রা পালিত হবে। স্নানযাত্রায় যেভাবে ভক্তদের ঢল নেমেছে, তাতে অনুমান, রথযাত্রায় দিঘায় ভিড় সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হবে প্রশাসনের কাছে। সেই কারণেই আজ, বৃহস্পতিবার, ১২ জুন বিকেল ৫টা থেকে নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে।
সূত্রের খবর, বৈঠকে রাজ্য পুলিশের শীর্ষকর্তারা, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং ইসকন (ISKCON) প্রতিনিধিরা থাকবেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেও এই বৈঠকে থাকতে পারেন বলে খবর। কারণ রথযাত্রার দিন যাতে কোনও নিরাপত্তা সমস্যা না হয়, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতি পর্যালোচনা করতে পারেন বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ল, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা, কমপক্ষে ২০০ জনের মৃত্যুর আশঙ্কা
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, স্নানযাত্রার পর জগন্নাথদেবের শরীর খারাপ হয়, তাঁকে তখন গর্ভগৃহে রেখে ওষুধ খাওয়ানো হয়। শরীর সুস্থ হলে তিনি ‘মাসির বাড়ি’ যান। এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। চলতি বছর ২৭ জুন সেই পুণ্য রথযাত্রা। তার প্রস্তুতি এখন তুঙ্গে দিঘায়।
ইতিমধ্যেই বহু পর্যটক দিঘায় এসে পড়েছেন, আবার অনেকে আগাম হোটেল বুক করে ফেলেছেন। অনুমান, মাসের শেষে বিপুল ভক্ত-সমাগম হবে সমুদ্রতটে। একই সঙ্গে সমুদ্র স্নান ও রথযাত্রার পুজোর সুযোগ পাওয়ার আকর্ষণ বাড়িয়েছে পর্যটকদের মধ্যে।
পুলিশ প্রশাসনও কড়া নিরাপত্তা পরিকল্পনা নিচ্ছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন, র্যাফ, ট্রাফিক ব্যবস্থা, মেডিকেল টিম, ভিড় নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রথা অনুযায়ী, ১০৮ ঘড়া পবিত্র জল, ঘি, মধু, আতর ও নানা উপাদানে স্নান করানো হয় জগন্নাথদেবকে। সেই রীতিমাফিক স্নানযাত্রা ইতিমধ্যে সাড়ম্বরে সম্পন্ন হয়েছে। এবার অপেক্ষা পুণ্য রথযাত্রার।
আজকের নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনও বিশেষ বার্তা আসে কি না, সেদিকেই এখন নজর সকলের।
