দেশের খবর
যোগ্য চাকরিহারাদের হয়ে রাষ্ট্রপতিকে চিঠি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর
নিউজ ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সরব হলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার রায়দানের পর ৫ দিনের মাথায় যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিলেন রাহুল গান্ধী।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার এই ঘটনায় বঞ্চিত যোগ্যদের পাশে দাড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে দেড় পাতার চিঠি লিখলেন কংগ্রেস নেতা। সেই চিঠিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বক্তব্য, ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে। এই মর্মেই রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কি লিখেছেন ওই চিঠিতে?
এদিন মঙ্গলবার কংগ্রেস সাংসদ নিজেই তাঁর এক্স হাডলে পোস্ট করে চিঠি লেখার বিষয়টি সামনে আনেন। গতকালই দেড় পাতার প্যাডে রাষ্ট্রপতিকে বঞ্চিত যোগ্যহারাদের হয়ে চিঠি লিখেছেন তিনি। আজ বিষয়টি সামনে এনেছেন লোকসভার বিরোধী দলনেতা।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও, চাকরিতে যাবেন না ‘যোগ্য’ চাকরিহারারা
কংগ্রেস সংসদের দেড় পাতার চিঠিতে লেখা রয়েছে, সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬-এর পুরো প্যানেল বাতিল করায় পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত ও যোগ্য স্কুল শিক্ষকেরা রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা এই বিষয়ে আপনার কাছে চিঠি লিখতে অনুরোধ করেন আমাকে।
চিঠিতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে রাহুল গান্ধী জানান, আদালত ২০১৬-এর গোটা প্যানেল বাতিল করায় অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরি হারিয়েছেন। সুপ্রিম রায়দানে দুর্নীতির মাধ্যমে নিয়োগ হওয়া অযোগ্যদের চাকরি বাতিল হওয়াই উচিত, কিন্তু, যারা যোগ্য তাদের সঙ্গে চরম অবিচার হয়েছে বলে উল্লেখ করেন চিঠিতে।
আরও পড়ুন – স্বস্তি মমতার! অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট
