ভাইরাল খবর
লিপস এন্ড বাউন্ডসের জমিতে বেআইনি নির্মাণ? অভিষেকের কার্যালয় গুঁড়িয়ে দিল বুলডোজার
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার আমতলায় (Amtala) তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘিরে শনিবার সকালে শুরু হয় প্রশাসনিক অভিযান। বৈধ বিল্ডিং প্ল্যান (Building Plan) ও প্রয়োজনীয় নথি ছাড়াই পাঁচতলা ভবন নির্মাণের অভিযোগে জেলা প্রশাসন (District Administration) বুলডোজার (Bulldozer) নিয়ে ভাঙার কাজ শুরু করে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন এবং ৭ জুলাই কার্যালয়ে পরপর দুটি নোটিস পাঠানো হয়েছিল। পাশাপাশি ১৫ জুলাই জেলা প্রশাসনের দপ্তরে হাজির হয়ে প্রয়োজনীয় নথি পেশ করার নির্দেশও দেওয়া হয়। অভিযোগ, ওই নোটিসের কোনও জবাব দেওয়া হয়নি। এরপরই শনিবার সকালে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী (Central Forces) এবং প্রশাসনিক আধিকারিকরা কার্যালয় চত্বর ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা গার্ডরেল (Guard Rail) দিয়ে ঘিরে দেওয়া হয় এবং পরে ঘটনাস্থলে তিনটি বুলডোজার আনা হয়।
জেলা প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট ভবনটি বৈধ অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে। আরও অভিযোগ, যে জমিতে কার্যালয়টি গড়ে উঠেছে, তা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ (Leaps & Bounds)-এর নামে কেনা হয়েছিল এবং সংশ্লিষ্ট নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। প্রয়োজনীয় নথি জমা না পড়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি।
ঘটনাস্থলে বিষ্ণুপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিক, বিডিও (BDO), বিএলঅ্যান্ডএলআরও (BLLRO) এবং দমকল (Fire Services)-এর কর্মীরাও উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, কার্যালয়ে ভাঙার কাজ শুরু হতেই বিজেপি (BJP)-র একাংশের কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তাঁদের অভিযোগ, ওই কার্যালয় থেকেই বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ পরিচালিত হতো। যদিও এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
