ডিজিটাল ডেস্কঃ সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session) শুরুর আগেই লোকসভায় (Lok Sabha) সাংসদদের আসন বিন্যাসে (Seat Allocation) বড় পরিবর্তন সামনে এল। নতুন তালিকা অনুযায়ী, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রথম সারির আসন বদলে তাঁকে দ্বিতীয় সারিতে বসানো হয়েছে। তাঁর পরিবর্তে প্রথম সারির ৩৫৪ নম্বর আসন পেয়েছেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। লোকসভা সচিবালয় (Lok Sabha Secretariat) সূত্রে এই তথ্য সামনে এসেছে।
এর আগে তৃণমূলের লোকসভার দলনেতা থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায়ই ওই আসনে বসতেন। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতার দায়িত্ব পাওয়ার পর ৩৫৪ নম্বর আসনটি তাঁর জন্য বরাদ্দ হয়। নতুন রাজনৈতিক সমীকরণ এবং সাংসদদের পুনর্বিন্যাসের পর সেই আসন ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দখলে গেল।
শুধু অভিষেকই নন, তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত আরও কয়েকজন সাংসদের আসনও পরিবর্তন হয়েছে। যেমন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) আগের আসনটি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আরও পিছনের সারিতে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এনসিপিআই (NCPI) শিবিরের সাংসদদের আসন তুলনামূলকভাবে সামনের দিকে বরাদ্দ হয়েছে।
সংসদ সূত্রে জানা গিয়েছে, বাদল অধিবেশন শুরুর আগে লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমান অবস্থান অনুযায়ী আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন বসার ব্যবস্থা কার্যকর হয়েছে।
Advertisement
এদিকে, রবিবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এনসিপিআই সাংসদদের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। সূত্রের দাবি, বৈঠকে উপস্থিত ১৫ জন সাংসদ সংসদে এনডিএ (NDA) সরকারের বিভিন্ন বিল ও নীতিগত বিষয়ে সমর্থনের সিদ্ধান্ত নেন।
লোকসভার এই নতুন আসন বিন্যাসকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম সারির আসন বদল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পুরনো আসনে প্রত্যাবর্তনকে অনেকেই বর্তমান রাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন।