‘আমার সঙ্গে ভদ্র ভাবে কথা বলুন’! মেজাজ হারিয়ে পর্তুগিজ রেফারিকে সমঝে দিলেন মেসি
Connect with us

খেলার খবর

‘আমার সঙ্গে ভদ্র ভাবে কথা বলুন’! মেজাজ হারিয়ে পর্তুগিজ রেফারিকে সমঝে দিলেন মেসি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপের (FIFA World Cup 2026) কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার (Argentina) জয়ের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন লিওনেল মেসি (Lionel Messi)। ম্যাচ চলাকালীন পর্তুগিজ রেফারি (Referee) জোয়াও পিনহেইরোর (João Pinheiro) সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সমাজমাধ্যমে (Social Media) ভাইরাল হয়েছে।

ইএসপিএন আর্জেন্টিনার (ESPN Argentina) সূত্র উদ্ধৃত করে সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো (Fabrizio Romano) দাবি করেছেন, দ্বিতীয়ার্ধে সুইৎজারল্যান্ডের একটি ফ্রি-কিকের (Free Kick) সময় আর্জেন্টিনার মানব দেওয়ালে (Wall) দাঁড়িয়েছিলেন মেসি। সেই সময় রেফারির কথা বলার ধরন তাঁর পছন্দ হয়নি। এরপরই মেসি রেফারির উদ্দেশে বলেন, “আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনাকে সম্মান দিয়েই কথা বলছি।”

যদিও ম্যাচ শেষে রেফারিং নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মেসি বা আর্জেন্টিনার অন্য কোনও ফুটবলার। মাঠের উত্তেজনা পেরিয়ে দল এখন সেমিফাইনালের প্রস্তুতিতে মন দিয়েছে।

রেফারির সঙ্গে এই মুহূর্তটি আলোচনায় থাকলেও ম্যাচে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। গোল হজম করার পর দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-১ ব্যবধানে সুইৎজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মেসির দল।

Advertisement
ads ads

এই বিশ্বকাপে আরেকটি বিরল নজিরও গড়েছে শেষ চারের লাইনআপ। ১৯৭০ ও ১৯৯০ সালের পর এবার তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা চারটি দলই অতীতে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। এবার শেষ চারে রয়েছে ফ্রান্স (France), স্পেন (Spain), ইংল্যান্ড (England) এবং আর্জেন্টিনা।

সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স, অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। পরপর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এগোচ্ছে মেসির দল, যা অতীতে কেবল ইতালি ও ব্রাজিলই করতে পেরেছিল।

Continue Reading
Advertisement ads