দেশের খবর
নিট কেলেঙ্কারির প্রতিবাদে ‘সংসদ চলো’ অভিযান! সিজেপি সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ
ডিজিটাল ডেস্কঃ NEET কেলেঙ্কারির (NEET Scam) প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগের দাবিতে সোমবার ‘সংসদ চলো’ (Parliament March) কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দেশের রাজধানী দিল্লি (Delhi)। ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party-CJP) ডাকে হাজার হাজার সমর্থক সংসদের উদ্দেশে মিছিল শুরু করলে তাঁদের ব্যারিকেড দিয়ে আটকায় দিল্লি পুলিশ (Delhi Police)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ (Lathicharge) করেছে বলে অভিযোগ ওঠে।
বাদল অধিবেশনের (Monsoon Session) প্রথম দিনেই পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে রাস্তায় নামে সিজেপি। সংগঠনের দাবি, প্রায় ৮ হাজারেরও বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ হস্তক্ষেপ করে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগেই দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছিল, এই মিছিলের কোনও অনুমতি দেওয়া হয়নি। রাজধানীতে ১৬৩ ধারা (Section 163) জারি থাকায় যন্তর মন্তর (Jantar Mantar) ছাড়া অন্যত্র পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। নিরাপত্তার স্বার্থে নতুন দিল্লিকে ১৫টি নিরাপত্তা (Security) জোনে ভাগ করা হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) ২৫টিরও বেশি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। জলকামান ও দাঙ্গা নিয়ন্ত্রণকারী বিশেষ যানও প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির জেরে রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থ-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এই আন্দোলনের অন্যতম মুখ সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) বর্তমানে সফদরজং হাসপাতালে (Safdarjung Hospital) ভর্তি রয়েছেন। দীর্ঘ অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অনুপস্থিতিতে সংসদ অভিযানে নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা করেন স্ত্রী গীতাঞ্জলি আংমো। তিনি জানান, রাজনৈতিক নেতারা যদি হাসপাতালে গিয়ে শিক্ষা ব্যবস্থার জবাবদিহি এবং প্রশ্নফাঁস ইস্যু সংসদে তোলার আশ্বাস দেন, তাহলে ওয়াংচুক অনশন প্রত্যাহার করতে পারেন।
বর্তমানে রাজধানীর পরিস্থিতির দিকে নজর গোটা দেশের। আন্দোলন, নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারের পরবর্তী পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।
