ভাইরাল খবর
“৩টেয় আসুন, ৪টেয় পদ ছেড়ে দেব”! বিদ্রোহী নেতাদের নজিরবিহীন ওপেন চ্যালেঞ্জ অভিষেকের
ডিজিটাল ডেস্কঃ দলের ভাঙন ও বিদ্রোহী নেতাদের অভিযোগের জবাবে এবার সরাসরি ওপেন চ্যালেঞ্জ (Open Challenge) ছুড়ে দিলেন তৃণমূল (TMC)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যাঁরা দাবি করছেন তাঁর জন্যই দল ছেড়েছেন, তাঁরা যদি আবার দলে ফিরে আসেন, তাহলে তিনি মাত্র এক ঘণ্টার মধ্যেই নিজের পদ থেকে ইস্তফা (Resignation) দেবেন।
অভিষেকের কথায়, “যাঁদের আমাকে নিয়ে সমস্যা, তাঁরা ফিরে আসুন। আমি বিকেল ৩টেয় আসতে বলছি, ৪টের মধ্যে আমি পদ ছেড়ে দেব।” তবে তাঁর দাবি, কেউই ফিরবেন না, কারণ তাঁদের মূল লক্ষ্য দল নয়, নিজেদের রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করা।
দলত্যাগী বিধায়ক (MLA) ও সাংসদদের (MP) কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Agency)-র সমন (Summons) পেলেই যারা দল ছাড়েন, তারা লড়াই করতে চান না। নিজের উদাহরণ টেনে অভিষেক জানান, তাঁকেও একাধিকবার ইডি (ED), সিবিআই (CBI) এবং অন্যান্য সংস্থা তলব করেছে। তাঁর বিরুদ্ধে বহু এফআইআর (FIR) হয়েছে, তবুও তিনি কখনও পিছিয়ে যাননি।
দলত্যাগীদের অভিযোগ প্রসঙ্গে অভিষেক বলেন, তাঁর বিরুদ্ধে কথা বলাই নাকি তাঁদের রাজনৈতিক ‘স্ক্রিপ্ট’। তাঁর দাবি, বিরোধী শিবিরে গিয়ে তাঁকে আক্রমণ করলেই কেন্দ্রীয় তদন্তের চাপ থেকে রেহাই পাওয়া যাবে— এমনই একটি ‘ডিল’ (Deal) হয়েছে।
লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দলের হারের দায় যদি আমার হয়, তাহলে ২০২৪ সালের ২৯টি আসনে জয়ের কৃতিত্বও আমার প্রাপ্য। শুধু ব্যর্থতার দায় নয়, সাফল্যের ক্রেডিট (Credit)-ও সমানভাবে বিচার করা উচিত।”
এদিন অভিষেক তাঁর আমতলার (Amtala) দলীয় কার্যালয় ভাঙার ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসনের পদক্ষেপকে প্রশ্ন তুলে তিনি জানান, বিষয়টি নিয়ে হাইকোর্ট (High Court) থেকে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত আইনি লড়াই চলবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বৈধ নথি থাকা সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যেই ওই কার্যালয় ভেঙে ফেলা হয়েছে।
