খেলার খবর
ফের কি কলকাতার মাঠে নামবেন লিওনেল মেসি? বিশ্বকাপ চলাকালীনই মেগা কামব্যাকের জল্পনা উসকে দিলেন শতদ্রু
ডিজিটাল ডেস্কঃ কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য ফের সুখবরের ইঙ্গিত। লিওনেল মেসি (Lionel Messi)-কে আবার কলকাতায় আনার উদ্যোগ শুরু হয়েছে বলে জোর জল্পনা। সূত্রের খবর, ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত (Shatadru Dutta) ইতিমধ্যেই এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। এবার শুধু সৌজন্য সফর নয়, কলকাতার মাঠে মেসিকে খেলতেও দেখা যেতে পারে বলেই আশা করছেন সমর্থকরা।
গতবার যুবভারতী ক্রীড়াঙ্গন (Salt Lake Stadium)-এ মেসির সফর ঘিরে বিশৃঙ্খলার জেরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার পরও শতদ্রু দত্ত বারবার জানিয়েছেন, তিনি আবার মেসিকে কলকাতায় আনতে চান। চলতি ফিফা বিশ্বকাপ (FIFA World Cup) চলাকালীন তাঁর একাধিক সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্ট সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। ১৬ জুলাই তিনি লিখেছিলেন, “আমার উপর যাঁদের বিশ্বাস আছে, আসছে বছর আবার হবে। আমি আনবই।” পরে নিউইয়র্কে আর্জেন্টিনার পতাকা হাতে ছবি পোস্ট করে লেখেন, “Never Say Never… আসছে বছর…”
সূত্রের দাবি, শতদ্রু বর্তমানে আমেরিকা (USA)-য় রয়েছেন এবং ইন্টার মায়ামি (Inter Miami) কর্তৃপক্ষের সঙ্গে সম্ভাব্য সফর নিয়ে আলোচনা করছেন। জানা গিয়েছে, বিশ্বকাপ শেষ হওয়ার পর চুক্তি চূড়ান্ত হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর ইন্টার মায়ামি (Inter Miami) প্রাক্-মরসুম প্রস্তুতির অংশ হিসেবে ভারত ও বাংলাদেশ সফরে আসতে পারে। সেই সফরে মেসিও দলের সঙ্গে থাকবেন। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে কলকাতার মাঠে আবারও দেখা যেতে পারে আর্জেন্টাইন মহাতারকাকে।
তবে এখনও পর্যন্ত মেসির সম্ভাব্য সফর নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা (Official Announcement) হয়নি। তবুও ইতিবাচক আলোচনার খবরে নতুন করে আশায় বুক বাঁধছেন বাংলার অসংখ্য মেসিভক্ত।
