রাজ্যের খবর
সালোয়ার-কামিজের আড়ালে অস্ত্র পাচারকারী! ব্যাগভর্তি পিস্তল ও কার্তুজ-সহ গ্রেফতার ‘রিভলভার লেডি’
ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগরে (Ashoknagar) রবিবার সকালে সিআইডি (CID) ও স্থানীয় থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র (Firearms) ও কার্তুজ (Cartridges) উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে নৈহাটি-অশোকনগর রোডের (Naihati-Ashoknagar Road) ৮ নম্বর মোড় এলাকায় একটি ম্যাজিক (Magic Vehicle) গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই পূজা বিশ্বাস নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পূজা বিশ্বাস হাবড়া (Habra) পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ভাড়াবাড়িতে থাকতেন। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৬টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে ৪টি ৭ এমএম (7mm) পিস্তল এবং ২টি ৯ এমএম (9mm) পিস্তল রয়েছে। এছাড়াও মিলেছে ১২টি ম্যাগাজিন (Magazine), প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ, ১২ হাজার টাকা নগদ (Cash) এবং দুটি মোবাইল ফোন (Mobile Phone)।
তদন্তকারীদের দাবি, ধৃতের কাছ থেকে বিহারের (Bihar) জামালপুর (Jamalpur)-এর একটি ট্রেনের টিকিটও উদ্ধার হয়েছে। সেই সূত্র ধরে বিহারের মুঙ্গের (Munger) জেলার সঙ্গে সম্ভাব্য অস্ত্র পাচার (Arms Trafficking) চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে সিআইডির অনুমান, বিহার থেকে অস্ত্র এনে হাবড়া ও সংলগ্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল।
পুলিশ আরও জানিয়েছে, পূজা বিশ্বাসের বিরুদ্ধে আগে দত্তপুকুর থানায় মামলা ছিল এবং তিনি পূর্বেও গ্রেফতার হয়েছিলেন। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের ফরেনসিক (Forensic) পরীক্ষা করা হবে। পাশাপাশি এই অস্ত্র কার কাছে পৌঁছানোর কথা ছিল, এর সঙ্গে আর কারা জড়িত এবং আন্তঃরাজ্য পাচারচক্রের (Interstate Network) মূলচক্র কোথায়—তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রবিবার সকালের এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধৃতকে বারাসত আদালতে (Barasat Court) পেশ করে সিআইডি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
