ধর্ম
রামলালার পর রাজা রামের আবির্ভাব ! একই মন্দিরে দুই রূপের উপাসনা
ডিজিটাল ডেস্কঃ অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রায় দেড় বছর পর এবার স্থাপন হতে চলেছে রাজারাম—অর্থাৎ রাজা রামচন্দ্রের মূর্তি। উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী মাসেই এই নতুন মূর্তির প্রতিষ্ঠা সম্পন্ন হবে।
গত বছর ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার (শিশু রাম) মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরও আগে, ২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় নতুন রাম মন্দিরের শিলান্যাসও করেছিলেন তিনি। তবে রাজরামের মূর্তির প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুনঃ বন্ধুর ফাঁদে পা! হুক্কা বার নিয়ে গিয়ে শুরু গণধর্ষণ ভয়াবহ অধ্যায়
রামজন্মভূমি ট্রাস্ট সূত্রে খবর, আগামী ১৫ এপ্রিলের মধ্যে মন্দিরের বাকি নির্মাণ কাজ শেষ করার তোড়জোড় চলছে। এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার কিউবিক ফুট পাথর বসানো বাকি রয়েছে। রাজারামের মূর্তিটি তৈরি করছেন কর্নাটকের খ্যাতনামা শিল্পী অরুণ যোগীরাজ, যিনি ইতিমধ্যেই রামলালার মূর্তির নির্মাণেও যুক্ত ছিলেন। তাঁর সঙ্গে ২০ জন দক্ষ মূর্তিকারও কাজ করছেন। রাজস্থানের জয়পুর থেকে বিশেষভাবে আনা পাথর কেটে তৈরি হচ্ছে এই রাজা রামের মূর্তি।
ট্রাস্টের তরফে আরও জানানো হয়েছে, মন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর ২০ একর লাগোয়া জমিতে সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। অযোধ্যা শহরের প্রবেশপথে (চার কিলোমিটার দূরে) বসানো হবে রামচরিতমানসের রচয়িতা গোঁসাই তুলসিদাসের একটি বিশাল মূর্তি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে অযোধ্যার জমি বিতর্কের নিষ্পত্তি করে। প্রায় আড়াইশো বছর ধরে চলা মন্দির-মসজিদ বিতর্কের পরিপ্রেক্ষিতে আদালত ওই জমিকে রামচন্দ্রের জন্মস্থান হিসেবে ঘোষণা করে এবং সেখানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয়।
