দুর্ঘটনা
রায়গঞ্জ স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের
ডিজিটাল ডেস্কঃ সন্তানদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, সেই সফরই হয়ে উঠল তাঁর জীবনের শেষ যাত্রা। রায়গঞ্জ স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। মৃতার নাম রাবিয়া বাসরি (Rabia Basri)। শনিবার সকালবেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে রায়গঞ্জ রেল স্টেশনে।
জানা গিয়েছে, রাবিয়া বাসরি কর্মসূত্রে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন। সারা রাত ডিউটি করার পর সকালে সামসির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। তাঁর ছেলে ও মেয়ে সামসি হোস্টেলে থেকে পড়াশোনা করছে, তাঁদের সঙ্গেই দেখা করতে যাচ্ছিলেন। সেই সময় কুলিক এক্সপ্রেস ট্রেনটিতে ওঠার চেষ্টা করেন রাবিয়া। চলন্ত ট্রেনে উঠতে গিয়েই ঘটে বিপত্তি—পা পিছলে ছিটকে পড়ে যান প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে।
রায়গঞ্জ জিআরপি তৎপরতার সঙ্গে তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
মৃতার স্বামী নাজিম আলি (Nazim Ali) বলেন, “আমার স্ত্রী সন্তানদের দেখতে যাচ্ছিল। তারা হোস্টেলে পড়ে। কিন্তু সে আর ফিরল না।”
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। ট্রেনে ওঠা-নামার সময় যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
