রায়গঞ্জ
চুরি রোধে রায়গঞ্জে পুলিশের নতুন পরিকল্পনা, নাগরিকদের পাশে থাকার আশ্বাস
ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জ (Raiganj) শহরে চুরি ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাড়ি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক স্থানে চোরদের কার্যক্রমের অভিযোগ উঠেছে। ফাঁকা বাড়ি কিংবা প্রতিষ্ঠানকে টার্গেট করে চোরেরা জিনিসপত্র নিয়ে সহজেই উধাও হচ্ছে। কয়েকদিনের জন্য বাইরে গিয়ে ফিরে আসলে অনেকেই দেখছেন সম্পূর্ণ বাড়ির মালামাল লুট হয়ে গেছে।
সাম্প্রতিককালে রায়গঞ্জের সুদর্শনপুরে একটি প্রাথমিক বিদ্যালয় থেকে সামার ভ্যাকেশনের সময় সবকিছু চুরি হয়। এরপর নেতাজি পল্লী এলাকায় বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এসব ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি নজরদারী বাড়ানোর দাবি জোরালো হয়েছে।
এবার চুরি রোধে রায়গঞ্জ থানার পুলিশ উদ্যোগী হয়েছে। থানার অফিসার মৃত্যুঞ্জয় বিশ্বাস (Mritunjay Biswas) সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়ে জানিয়েছেন, “যারা বাড়ির লোকজন দীর্ঘদিনের জন্য বাইরে থাকবেন, চিকিৎসা বা ভ্রমণের জন্য, তাঁরা অবশ্যই থানাকে জানাবেন। যাতে আমরা ওই বাড়ির ওপর আলাদা নজরদারি রাখতে পারি।”
আরও পড়ুনঃ আইপিএলের সমাপ্তি উৎসর্গ সেনার প্রতি, সুরে শ্রদ্ধা জানাবেন শঙ্কর মহাদেবন
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির মালিকরা পুলিশকে তথ্য দিলে অস্থায়ীভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। সিসিটিভির আইপি এড্রেস পুলিশ এবং বাড়ির মালিক উভয়ের কাছে থাকবে, ফলে দু’পক্ষই বাড়ির নিরাপত্তা নজরদারি চালাতে পারবেন।
পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের সাধারণ বাসিন্দারা। তবে অনেকে মনে করেন, সিসিটিভি ছাড়াও পর্যাপ্ত টহল দেওয়া হলে সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।
রায়গঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রতন মজুমদার (Ratan Majumdar) বলেন, “চুরি রোধে পুলিশের এই পদক্ষেপ প্রশংসনীয়। আশা করছি, শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।”
রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার (Vishwashroy Sarkar) জানান, “আমরা প্রাথমিকভাবে এই উদ্যোগ নিয়েছি। শহরে চুরি প্রতিরোধে সর্বদা সতর্ক ও সজাগ রয়েছি। সাধারণ মানুষের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার।”
এই পদক্ষেপ রায়গঞ্জবাসীর মধ্যে সুরক্ষার আশ্বাস জাগিয়েছে, পুলিশ ও নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা শহরকে নিরাপদ করার প্রত্যাশা সকলের।
