উত্তর দিনাজপুর
ভুয়ো অফিসার সেজে বিয়ে ও প্রতারণা! রায়গঞ্জে পুলিশের জালে হৃদয় বসাক
ডিজিটাল ডেস্ক: পুলিশ অফিসারের ছদ্মবেশে এক তরুণীকে বিয়ে করে শারীরিক ও মানসিক নিগ্রহ এবং আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন হৃদয় দেব বসাক (Hriday Dev Basak)। মালদার বাসিন্দা এই যুবক দীর্ঘদিন ধরে নিজেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ অফিসার বলে পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ।
ঘটনাটি রায়গঞ্জের বীরনগর এলাকায়। অভিযোগ, প্রথমে সোশ্যাল মিডিয়ায় নিজেকে পুলিশের শীর্ষকর্তা বলে পরিচয় দেয় হৃদয়। সেই পরিচয়ের ফাঁদে পা দিয়ে এক তরুণী তাঁকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর শুরু হয় গৃহস্থালির অশান্তি। পর্যায়ক্রমে স্ত্রীকে মারধরের অভিযোগ ওঠে হৃদয়ের বিরুদ্ধে। বর্তমানে নির্যাতিতা মহিলা রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ পহেলগাঁও হামলার পর চার ইস্যুতে ভারত-পাক আলোচনা চায় ইসলামাবাদ
বৃহস্পতিবার রায়গঞ্জ থানার পুলিশ হৃদয়কে গ্রেফতার করে। তারপরে একে একে বেরিয়ে আসতে শুরু করে একাধিক প্রতারণার কাহিনি। জানা যায়, কখনও আবগারি দফতর, কখনও ফুড সাপ্লাই (Food Supply Department)– এমন নানা সরকারি দপ্তরের অফিসার সেজে তিনি সাধারণ মানুষকে প্রতারিত করতেন। চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করতেন বলে অভিযোগ।
পুলিশ হৃদয়কে আটক করার খবর ছড়াতেই থানায় ভিড় করেন একাধিক প্রতারিত ব্যক্তি। মালদার কমল সেন (Kamal Sen) জানান, হৃদয় তাঁকে আবগারি দফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ হাজার টাকা নিয়েছিল। অন্যদিকে, সুকান্ত দাস (Sukanta Das) নামে এক ব্যক্তি জানান, হৃদয় তাঁর কাছে দাবি করেছিল, সে ফুড সাপ্লাই দফতরের অফিসার এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছে মদের লাইসেন্স পাইয়ে দেবে। এমনকি তিনি একটি লিঙ্ক পাঠিয়ে প্রতিটি ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেছিলেন।
রায়গঞ্জ থানার পুলিশ জানিয়েছে, হৃদয়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, অভিযুক্তের সঙ্গে কোনও সংঘবদ্ধ প্রতারণা চক্র যুক্ত রয়েছে কি না।
