উত্তর দিনাজপুর
ড্রোন আতঙ্কে কাঁপছে উত্তরবঙ্গ? রায়গঞ্জের আকাশে অজানা আলো ঘিরে চাঞ্চল্য
ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার রায়গঞ্জ (Raiganj) শহরের আকাশে দেখা গেল রহস্যময় আলো। সোমবার সন্ধেবেলা ঠিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এই অজানা আলোকবিন্দুগুলিকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যেতে দেখা যায়। সাধারণ মানুষের চোখের সামনে এই দৃশ্য ধরা পড়তেই মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা ও আতঙ্ক।
সন্ধেবেলায় রায়গঞ্জ শহরের রাস্তায় ভিড় থাকে ভালই। সেই সময় হঠাৎ আকাশে এমন আলো ঘোরাফেরা করতে দেখে পথচারী ও স্থানীয়রা থমকে যান। অনেকে মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন, অনেকে আবার আতঙ্কে বাড়ির পথ ধরেন।
রহস্য আরও ঘনীভূত হয়েছে কারণ প্রশাসনের তরফ থেকে এখনও স্পষ্টভাবে জানা যায়নি আলোগুলির উৎস কী। রায়গঞ্জ থানার অফিসার মৃত্যুঞ্জয় বিশ্বাস (Mrityunjay Biswas) জানান, “আমি নিজেও আকাশে দুটি আলোর বিন্দু নড়াচড়া করতে দেখেছি। তবে সেগুলি কোনও ড্রোন (Drone) বলে মনে হয়নি। এত উচ্চতায় ড্রোন ওড়া সম্ভব নয়, সম্ভবত স্যাটেলাইট (Satellite) থেকে আসা প্রতিফলিত আলোর ঝলক ছিল।”
আরও পড়ুনঃ মঞ্চেই সুরের ভুল ধরিয়ে নিজেই গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এই একই সুর শোনা গিয়েছে রায়গঞ্জের পুলিশ সুপার সানা আখতারের (Sana Akhtar) গলাতেও। তিনি স্পষ্ট জানিয়েছেন, “এই আলোগুলিকে ড্রোন বলে মনে করার কোনও কারণ নেই। এখনও পর্যন্ত তেমন কোনও প্রমাণ আমাদের হাতে নেই।”
তবে পরিস্থিতি নিছকই সাধারণ নয়। কারণ, কয়েকদিন আগেই কাশ্মীরের পহেলগাঁও (Pahalgam) এলাকায় জঙ্গি হামলার পর ভারতের সীমান্তবর্তী বেশ কয়েকটি রাজ্যে পাকিস্তানি ড্রোনের (Pakistani Drone) গতিবিধি দেখা গিয়েছে। কখনও নজরদারির উদ্দেশে, আবার কখনও হামলার ছক কষতে, শত্রুপক্ষ এই ড্রোন পাঠানোর ছক কষে বলেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির অনুমান। এমনকি, সম্প্রতি কলকাতার রাতের আকাশেও একসঙ্গে সাতটি ড্রোন দেখতে পাওয়া গিয়েছিল বলে গুজব ছড়ায়।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রায়গঞ্জ ও বালুরঘাটের (Balurghat) আকাশেও একইরকম রহস্যময় আলো দেখা গেল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সূত্রের দাবি, দক্ষিণ দিনাজপুরেও সোমবার রাতে একই ধরনের আলোর বিন্দু ঘোরাফেরা করেছে। যদিও সেখানকার জেলা পুলিশের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
রাত যত বাড়ছে, রহস্য ততই ঘনাচ্ছে। আকাশে এই অজানা আলোর ঝলক নিছকই স্যাটেলাইট প্রতিফলন, না কি তার আড়ালে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র—সেই উত্তর আপাতত অজানাই রয়ে গেল। তবে সীমান্তের এত কাছাকাছি বারবার এমন রহস্যময় ঘটনা ঘটতে থাকায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মনে। প্রশাসনের তরফে উচ্চপর্যায়ে তদন্ত শুরু হয়েছে বলেও সূত্রের খবর।
আরও তথ্যের অপেক্ষায় এখন রায়গঞ্জবাসী। এই আলো আদৌও নিরাপদ না কি তার মধ্যে রয়েছে কোনও বিপদের ইঙ্গিত—সেই প্রশ্নই এখন সকলের মনে।
