ডিজিটাল ডেস্কঃ বাংলা নববর্ষের আগে রাজ্যে ফিরছে প্রাকৃতিক অস্বস্তি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার, চৈত্র সংক্রান্তির দিনেই কলকাতায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের প্রথম দিন থেকে শুরু করে অন্তত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজায় থাকবে এই আবহাওয়াগত অস্থিরতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ আশপাশের জেলাগুলিতে চলতে পারে হালকা বৃষ্টি।
বিশেষ করে সোমবার কমলা সতর্কতা জারি হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গেও রেহাই নেই। সোমবার আটটি জেলাতেই জারি রয়েছে কমলা সতর্কতা। সেখানেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবারও একই রকম পরিস্থিতি বজায় থাকতে পারে, তবে ঝড়ের গতি সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বিহার ও বাংলাদেশের উপর একটি করে উচ্চচাপ বলয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলার স্থলভাগে। এই কারণে তৈরি হয়েছে বৃষ্টির অনুকূল পরিবেশ। যদিও এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে তাপমাত্রা খুব একটা নামছে না। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবারের সর্বনিম্ন ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি।
এমন পরিস্থিতিতে নববর্ষ উদ্যাপনে ছন্দপতনের সম্ভাবনা থাকলেও আবহাওয়া দফতরের পরামর্শ, সতর্কতা মেনে চললেই এই সপ্তাহ নির্বিঘ্নে কাটানো সম্ভব।