ভাইরাল খবর
সারপ্রাইজ ভিজিটে আর জি করে শারদ্বত মুখোপাধ্যায়! হাসপাতালের অব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী ডাকলেন বৈঠক
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিষেবা (Healthcare Service) খতিয়ে দেখতে এবার আচমকা আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (RG Kar Medical College and Hospital) পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কোনও আগাম ঘোষণা ছাড়াই হাসপাতালে পৌঁছে যান তিনি। আচমকা মন্ত্রীর উপস্থিতিতে তৎপর হয়ে ওঠে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে পৌঁছে জরুরি বিভাগ (Emergency Department) থেকে শুরু করে শিশু বিভাগ, মহিলা ওয়ার্ড-সহ একাধিক জায়গা ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। শুধু রোগী পরিষেবাই নয়, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, কর্মীদের ভূমিকা এবং বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থাও সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতাল কর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের পর হাসপাতালের কয়েকটি অব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শারদ্বত মুখোপাধ্যায়। বিশেষ করে পরিচ্ছন্নতা এবং দালালচক্র (Broker Network) নিয়ে কড়া বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য, রোগী ও তাঁদের পরিবারের কাছ থেকে কোনওভাবেই বেআইনি টাকা নেওয়া বরদাস্ত করা হবে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজ্যের হাসপাতালগুলিতে এ ধরনের সারপ্রাইজ ভিজিট (Surprise Visit) আগামী দিনেও চলবে। সবসময় কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। হাসপাতালে ভর্তি হওয়ার পর অপ্রয়োজনে আয়া রাখার প্রবণতা কমাতে সাধারণ মানুষকে সচেতন করার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, কোনও দালাল টাকা চাইলে সঙ্গে সঙ্গে হাসপাতালের এমএসভিপি (MSVP) বা প্রিন্সিপালকে জানাতে হবে। প্রয়োজন হলে সরাসরি তাঁকেও জানানোর আবেদন করেন। ওষুধের সমস্যা বা পরিষেবা সংক্রান্ত অভিযোগ থাকলেও দ্রুত জানাতে বলেন তিনি।
এর আগে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে আচমকা পরিদর্শন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে এবং কয়েকজন কর্মীকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালেও সারপ্রাইজ ভিজিট করেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।
পরপর এই পরিদর্শনের মাধ্যমে রাজ্যের হাসপাতাল পরিষেবার মান ও ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে চাইছে স্বাস্থ্য দফতর।
