আবহাওয়া
মেঘ কাটলেই তাপপ্রবাহের সম্ভাবনা, গরমে জেরবার হতে পারে রাজ্যবাসী
ডিজিটাল ডেস্কঃ আপাতত বৃষ্টি হলেও খুব শীঘ্রই তাপপ্রবাহের সম্ভাবনার দিকে এগোচ্ছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চললেও, শুক্রবার থেকে শুরু হবে পারদ চড়ার ধারা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আজ, সোমবার সকাল থেকেই কলকাতার (Kolkata) আকাশ থাকবে মেঘমুক্ত। তবে দুপুর গড়াতেই মেঘলা হতে পারে পরিবেশ। বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। শুধু কলকাতা নয়, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ এবং মঙ্গলবার ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার থেকে ঝড়বৃষ্টি কমলেও, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।
উত্তরবঙ্গেও (North Bengal) আজ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। বুধবার ঝোড়ো হাওয়া কমলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি থাকতে পারে। দার্জিলিং, উত্তর দিনাজপুর ও আশেপাশের পাহাড়ি এলাকাগুলিতে আগামী দিনগুলিতেও দু-এক পশলা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে মালদা ও দুই দিনাজপুরে তুলনামূলকভাবে আবহাওয়া থাকবে শুষ্ক।
কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫% থেকে ৮৯%-এর মধ্যে ঘোরাফেরা করছে, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাব। গুজরাত উপকূল, মারাঠাওয়াড়া, মধ্যপ্রদেশ, অসম, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখাও আবহাওয়ায় পরিবর্তন আনছে।
