আবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে বাড়ছে সতর্কতা
Connect with us

আবহাওয়া

আবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে বাড়ছে সতর্কতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতার আকাশে টানা কয়েকদিন ধরেই মেঘের আনাগোনা। দুপুর গড়াতে না গড়াতেই শহরের আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে, কোথাও কোথাও শুরু হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ারও দেখা মিলেছে। যদিও শুক্রবার শহর কলকাতায় বৃষ্টির দেখা মেলেনি, তবে শনিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানানো হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান—এই জেলাগুলোতে কালবৈশাখীর প্রভাব বেশি পড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, পূর্ব এবং পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত বর্তমানে সক্রিয় রয়েছে। ওই সিস্টেম ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রসারিত। পাশাপাশি, উত্তর বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। এই দুই ঘূর্ণাবর্ত মিলেই রাজ্যে প্রবল জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।

শুধু দক্ষিণবঙ্গই নয়, শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুরু হতে পারে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনিবার ও রবিবার ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই পরিস্থিতি সোমবার ও মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে বলে পূর্বাভাস।

Advertisement
ads

হাওয়া অফিসের সতর্কতা—ঝড়বৃষ্টির সময় ঘরের বাইরে না যাওয়াই শ্রেয়। বজ্রপাতের আশঙ্কাও থাকায় খোলা মাঠ ও উঁচু গাছপালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।