রাজ্যে রোদ-ঝড়-বৃষ্টির লুকোচুরি, মঙ্গলবার পর্যন্ত জারি সতর্কতা
Connect with us

আবহাওয়া

রাজ্যে রোদ-ঝড়-বৃষ্টির লুকোচুরি, মঙ্গলবার পর্যন্ত জারি সতর্কতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আগামী কয়েক দিন রাজ্যের আকাশে চলবে রোদ-মেঘ-বৃষ্টির দোলাচল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (Tuesday) পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর আবহাওয়ার রূপ পাল্টে যেতে পারে বলেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, প্রতিদিন সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে (Jhargram & Paschim Medinipur) বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা (Kolkata) সহ বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

আজ, রবিবার (Sunday), ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনায়। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কলকাতা ও আশপাশের অঞ্চলে আজ বিকেলের পর হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের উত্তর দিক ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হয়েছে। সেই সঙ্গে রাজস্থান থেকে বাংলাদেশের ওই অঞ্চল পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা (Trough Line) বাংলার উপর দিয়ে অতিক্রম করছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলেই একের পর এক কালবৈশাখী আসছে বলে জানানো হয়েছে।

Advertisement
ads

আগামীকাল, সোমবার (Monday) বৃষ্টির দাপট থাকবে দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (Tuesday) দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গের দিকেও রয়েছে একই রকম পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

তবে এই মুহূর্তে রাজ্যে কোনও তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা নেই বলেই জানানো হয়েছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কলাইকুন্ডায়— ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
ads