আবহাওয়া
বিধ্বংসী জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা!মৃত অন্তত ৩২, আহত ৭০০-র বেশি, শোকপ্রকাশ মোদির
ডিজিটাল ডেস্কঃ জোড়া শক্তিশালী ভূমিকম্পের (Earthquake) আঘাতে ভয়াবহ বিপর্যয়ের মুখে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা (Venezuela)। সরকারি হিসাবে এখনও পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ৭০০-রও বেশি মানুষ। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা (State of Emergency) ঘোষণা করেছে প্রশাসন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথমে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ড পরে একই অঞ্চলে ৭.৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল ক্যারিবীয় উপকূলবর্তী মোরন (Morón) এলাকার কাছে। ভূমিকম্প দুটির গভীরতা ছিল যথাক্রমে প্রায় ২২ কিলোমিটার ও ১০ কিলোমিটার।
রাজধানী কারাকাস (Caracas) এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একাধিক বহুতল ভবন (Building) ধসে পড়েছে, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি এবং মোবাইল টাওয়ার (Mobile Tower)। বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন (Power Outage) হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে উদ্ধারকারী দল।
চাকাও পৌরসভার মেয়র গুস্তাভো ডুকে জানিয়েছেন, একটি ধসে পড়া ভবন থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্যালকন (Falcón) প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর (Simón Bolívar International Airport)। অবকাঠামোগত ক্ষতির কারণে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি কয়েক দিনের জন্য স্কুল-কলেজে পাঠদানও স্থগিত করা হয়েছে।
ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (X) হ্যান্ডলে সমবেদনা বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে ভারত ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ধ্বংসস্তূপ সরানোর কাজ এগোলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
