দেশের খবর
রেল নীরের দাম কমল, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন মূল্য, উপকৃত ট্রেনযাত্রীরা
ডিজিটাল ডেস্কঃ ট্রেনযাত্রীদের জন্য এল দারুণ সুখবর! এবার রেল যাত্রার খরচ কিছুটা হলেও কমবে, কারণ কমে গেল রেল নীর (Rail Neer) বোতলজাত পানীয় জলের দাম।
নতুন জিএসটি (GST) হার কার্যকর হওয়ার পর, ভারতীয় রেল (Indian Railways) ঘোষণা করেছে, রেল নীরের এক লিটারের বোতলের নতুন দাম হবে ১৪ টাকা, যা আগে ছিল ১৫ টাকা। একইভাবে ৫০০ মিলিলিটারের বোতল এখন পাওয়া যাবে ৯ টাকায়, আগে যা ছিল ১০ টাকা। অর্থাৎ, প্রতি বোতলে ১ টাকা করে দাম কমেছে।
ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে সব জেনারেল ম্যানেজার (General Manager) এবং আইআরসিটিসি (IRCTC)-র সিএমডি-র উদ্দেশে একটি অফিসিয়াল নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে।
শুধু রেল নীর নয়, রেলওয়ে স্টেশন চত্বরে IRCTC বা রেলের অনুমোদিত অন্য যে কোনও ব্র্যান্ডের বোতলজাত জলের ক্ষেত্রেও নতুন মূল্যসীমা বলবৎ হবে। অর্থাৎ, যেসব ব্র্যান্ড IRCTC দ্বারা শর্টলিস্ট করা হয়েছে, তাদেরও ১ লিটারের বোতল সর্বোচ্চ ১৪ টাকায় এবং ৫০০ মিলিলিটার বোতল ৯ টাকায় বিক্রি করতে হবে।
প্রসঙ্গত, রেল নীর হল ভারতীয় রেলওয়ের একটি নিজস্ব ব্র্যান্ড। ২০০৩ সালে IRCTC পশ্চিম দিল্লির নাঙ্গলোই-তে প্রথম প্ল্যান্ট তৈরি করে এই পরিষেবা শুরু করে। প্রথমে শুধু রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনে রেল নীর দেওয়া হত। পরে দেশের অধিকাংশ ট্রেনে এই পানীয় জলের পরিষেবা চালু করা হয়।
ভারতীয় রেল জানিয়েছে, এই সিদ্ধান্তে ট্রেনযাত্রীরা সরাসরি উপকৃত হবেন এবং নিরাপদ, মানসম্পন্ন পানীয় জল আরও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।


