ভারতীয় রেল
নতুন বছরের উপহার রেলের! স্লিপার কোচেও মাত্র ৫০ টাকায় মিলবে বেডরোল
ডিজিটাল ডেস্কঃ ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও বাড়তি সুবিধা দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণ রেল শাখা (Southern Railway) জানাল—স্লিপার কামরাতেও (Sleeper Coach) পাওয়া যাবে বালিশ (Pillow) এবং চাদর (Bedsheet)। নতুন বছরে যাত্রীদের জন্য শুরু হচ্ছে বেডরোল (Bedroll) পরিষেবা।
বর্তমানে এই সুবিধা শুধুমাত্র বাতানুকূল (AC Coach) কামরার জন্যই ছিল। এবার সাধারণ স্লিপার কামরায় যাত্রীরা সামান্য খরচেই পাবেন রাতের জন্য প্রয়োজনীয় বিছানার সামগ্রী। বিশেষত শীতকালে অসংখ্য যাত্রীর উপকার হবে বলে মনে করা হচ্ছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভাড়া ছাড়াও অন্যান্য মাধ্যমে আয় বাড়াতে যে নয়া পরিকল্পনা নেওয়া হয়েছিল, তারই অংশ এই পাইলট প্রকল্প (Pilot Project)। যাত্রীদের কাছ থেকে তুমুল সাড়া পাওয়ায় এবার তা নিয়মিত পরিষেবা হিসেবে চালুর সিদ্ধান্ত হয়েছে। বেডরোল সরবরাহের দায়িত্ব দেওয়া হবে এক ঠিকাদারকে—যাঁর দায়িত্ব হবে কেনা, যান্ত্রিক ধোয়া (Mechanical Wash), প্যাকিং, লোডিং, বিতরণ এবং সংরক্ষণ।
এই পরিষেবায় আগামী তিন বছরে চেন্নাই ডিভিশনে (Chennai Division) ২৮.২৭ লক্ষ টাকার রাজস্ব আয় হবে বলে রেলের অনুমান।
দক্ষিণ রেল জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকেই এই পরিষেবা চালু হবে। প্রথম দফায় ১০টি এক্সপ্রেস ট্রেনে (Express Trains) পরীক্ষামূলকভাবে শুরু হবে পরিষেবা।
মূল্য নির্ধারণ করা হয়েছে—
-
একটি বিছানার চাদর: ২০ টাকা
-
একটি বালিশ ও তার কভার: ৩০ টাকা
-
সম্পূর্ণ বেডরোল সেট: ৫০ টাকা
যে ট্রেনগুলোতে শুরু হচ্ছে পরিষেবা:
চেন্নাই–মেট্টুপালায়ম নীলগিরি সুপারফাস্ট এক্সপ্রেস,
চেন্নাই–ম্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস,
চেন্নাই এগমোর–মান্নারগুড়ি এক্সপ্রেস,
চেন্নাই এগমোর–তিরুচেন্দুর সুপারফাস্ট এক্সপ্রেস,
চেন্নাই–পালাক্কাড় এক্সপ্রেস,
চেন্নাই এগমোর–সেনগোত্তাই সিলাম্বু সুপারফাস্ট এক্সপ্রেস,
তাম্বারম–নাগেলপুর সুপারফাস্ট এক্সপ্রেস,
চেন্নাই–আলেপ্পি সুপারফাস্ট এক্সপ্রেস,
চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস,
চেন্নাই এগমোর–ম্যাঙ্গালোর এক্সপ্রেস।
