প্রতারণা
রাতে একজনের সঙ্গে, সকালে অন্যজনের কাছে — সৌমিত্রকে নিশানা দিলীপ ঘোষের
ডিজিটাল ডেস্কঃ বিজেপির অভ্যন্তরীণ সংঘাত ফের প্রকাশ্যে। দিঘা সফরের জেরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা দিলীপ ঘোষ এবার সরাসরি নিশানা করলেন সহদলীয় সাংসদ সৌমিত্র খাঁকে। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন, “যারা রাত কাটায় একসঙ্গে, আর সকালে চলে যায় অন্য কারও কাছে, তাদের কাছ থেকে নীতিকথা শুনব না।” তাঁর বক্তব্যের ঝাঁজে বিজেপির অন্দরেই নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
দলের অভ্যন্তরেই যে তাঁকে নিয়ে অসন্তোষ রয়েছে, তা জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহেই স্পষ্ট হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতায় মোড়া ভিডিও ভাইরাল হতেই তৈরি হয়েছে গুঞ্জন। তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক বিজেপি নেতা-কর্মী।
আরও পড়ুনঃ ‘মমতার মন্দিরে’ গিয়েই বিতর্কে দিলীপ, পালটা তোপে কাঁপছে বিজেপি
এই আবহেই সৌমিত্র খাঁ দিলীপকে ‘ভোগী’ বলে কটাক্ষ করেছিলেন। এবার সেই মন্তব্যেরই পালটা দিলেন দিলীপ। নাম না করেও বিষ্ণুপুরের সাংসদকে আক্রমণ করে বললেন, “যারা রোজ দল বদলায়, তাদের কথা শোনার প্রশ্নই ওঠে না। এই ধরনের লোকেদের বিজেপিতে বয়ে নিয়ে চলতে হচ্ছে। দিলীপ কারও কাছে শিখতে আসেনি।”
তাঁর দাবি, “এক সময় যারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকত, আজ তারা আমাকে শেখাতে আসছে। আমি সৎ, হিন্দুদের জন্য লড়াই করি। কারও মুখ দেখে রাজনীতি করি না।”
অন্যদিকে দিলীপ ঘোষের এই আক্রমণের জবাব দিতে দেরি করেননি সৌমিত্র। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ওনার বিষয়ে আমি আর কিছুই বলতে চাই না। দিলীপ ঘোষ এখন বাংলার রাজনীতির ক্লোজড চ্যাপ্টার।”
এই টানাপোড়েন যে রাজ্য বিজেপির অভ্যন্তরীণ অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে, তা নিয়ে সন্দেহ নেই। সামনে লোকসভা নির্বাচন, তার আগে এই বিবাদ যে দলের রণকৌশলে প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।
