স্বাস্থ্য
মাধ্যমিকের ফল প্রকাশের পর ছাত্রের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া পরিবারে
ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঘাটাল মহকুমার গোপীনাথপুর গ্রামে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মাধ্যমিক পরীক্ষার্থী ঋতম ঘোষের দেহ। মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট কিছু না জানা গেলেও প্রাথমিকভাবে অনুমান, প্রত্যাশিত নম্বর না পাওয়াতেই এই আত্মঘাতী সিদ্ধান্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের ছাত্র ঋতম এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। পরীক্ষার ফলাফলে সে ৩৪৭ নম্বর পেয়েছে। ফল ঘোষণার পর পরিবারের অজান্তে ঘরের দরজা বন্ধ করে দেয় ঋতম। পরে সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, যেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ মেধা তালিকায় দাপট উত্তরবঙ্গের, রাজ্যসেরা আদৃত সরকার, দ্বিতীয় অনুভব
ঘটনার সময় ঋতমের মা ছিলেন এক অনুষ্ঠানে, এবং তার বাবা বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন। একা বাড়িতে থেকেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নেয় কিশোর। পরিবারের দাবি, পড়াশোনায় ভালো ছিল ঋতম, কিন্তু নম্বর কিছুটা কম হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে এলাকা ও বিদ্যালয় চত্বর। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম জানা বলেন, “ঋতম পড়াশোনায় ভালো ছিল। এইভাবে সে আমাদের ছেড়ে চলে যাবে, ভাবতেই পারছি না।” এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় মানুষজন, শিক্ষক মহল এবং সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
