পণের টাকা বকেয়া থাকায় বিয়েতে নারাজ পাত্রপক্ষ, অপমানে আত্মঘাতী অন্ত:সত্বা পাত্রী
Connect with us

উত্তর দিনাজপুর

পণের টাকা বকেয়া থাকায় বিয়েতে নারাজ পাত্রপক্ষ, অপমানে আত্মঘাতী অন্ত:সত্বা পাত্রী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইসলামপুর , ২২ ফেব্রুয়ারি : পনের টাকা দিতে না পারায় ছয়মাসের অন্ত:সত্বা মহিলার আত্মঘাতি হওয়ার ঘটনায় এক যুবক সহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল ইসলামপুর থানায়। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের আগডিমটি গ্রাম পঞ্চায়েতের কালুবস্তি গ্রামে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে,মাস আটেক আগে ইসলামপুর থানার আগডিমটি গ্রাম পঞ্চায়েতের কালুবস্তি গ্রামের বাসিন্দা আজমিরা বেগমের সঙ্গে আশীর্বাদ পর্ব সম্পন্ন হয় বাঁশবাড়ির গ্রামের বাসিন্দা পারভেজ আলমের। সেই সময় পণ হিসেবে তিন লক্ষ কুড়ি হাজার টাকা ঠিক হয়েছিল। পণ বাবদ অগ্রীম এক লক্ষ সত্তর হাজার টাকা দেওয়াও হয়েছিল। মোহর হয়ে যাওয়ার পর আজমিরা এবং পারভেজের মধ্যে মেলামেশা এবং সহবাস হয় বলে অভিযোগ। সহবাসে আজমিরা অন্তঃস্বতা হয়ে পড়েছিল।এরপর আগামী ৩ মার্চ বিয়ের দিন ঠিক করে আজমিরার পরিবার। পারভেজ আলমের পরিবার পণের টাকা পরিশোধ না করা পর্যন্ত বিয়ে দিতে রাজী হচ্ছিল না। পারভেজের পরিবার এই দাবি জানার পর আজমিরার পরিবার বসতবাড়ি বিক্রি করে দেবার সিদ্ধান্ত নেন। বসতবাড়ি বিক্রি করতে গিয়ে দেখেন সেই জমি সরকারি খাস জমি। সেই জমি বিক্রয় যোগ্য নয়। সেটা জানার পর চরম সমস্যায় পড়েন আজমিরার পরিবার। অন্যদিকে, আজমিরার গর্ভস্থ সন্তানের বিষয়টিও অস্বীকার করেন পারভেজ। পারভেজের এই সিদ্ধান্ত জানার পর আজমিরার পরিবার ভেঙ্গে পড়েন। একদিকে অন্তঃস্বতা হয়ে পড়া ও অন্যদিকে বিয়ে হবে কি না এই অনিশ্চিয়তা তৈরী হওয়ায় গতকাল রাতে বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আজমিরা আত্মহত্যা করেন। আজ সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠায়। মৃতার দাদা নূর আলম ইসলামপুর থানায় পারভেজ আলম সহ পরিবারের ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।