উত্তর দিনাজপুর
দুর্ঘটনার কবলে হেমতাবাদের বিজেপি বিধায়ক হরিপদ বর্মনের আপ্ত সহায়ক
ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জের (Raiganj) বারোদুয়ারি থেকে হেমতাবাদ (Hemtabad) ব্লক সদরে সভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার (Accident) কবলে পড়ল হেমতাবাদের বিজেপি (BJP) বিধায়ক হরিপদ বর্মনের (Haripada Barman) কনভয় (Convoy)। যদিও বিধায়কের গাড়ির কোনও ক্ষতি হয়নি, তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
শনিবার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে (Raiganj-Balurghat State Highway) ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বিধায়কের আপ্ত সহায়কের গাড়ির সামনে আচমকাই একটি গরু চলে আসে। চালক দ্রুত ব্রেক কষলে গাড়িটি থেমে যায়। ঠিক সেই সময় পিছনে থাকা কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আপ্ত সহায়কের গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার (Raiganj Police Station) বিশাল পুলিশ বাহিনী। তবে ঘটনায় কেউ আহত হননি। বিধায়কের আপ্ত সহায়ক মনোরঞ্জন দাস জানান, “ঘটনাটি আচমকাই ঘটে যায়। সামনে হঠাৎ গরু চলে আসায় ব্রেক করতে হয়। সেই কারণেই পিছনের গাড়িটি ধাক্কা মারে। তেমন বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি, শুধু গাড়ির সামান্য ক্ষতি হয়েছে।”
তিনি আরও জানান, বিধায়ক হরিপদ বর্মনের গাড়ি তখন কনভয়ের সামনের দিকে থাকায় সেটি আগেই বেরিয়ে যায় এবং কোনও ক্ষতির মুখে পড়েনি।


