খুন
হোয়াইট হাউস গুলিকাণ্ডের পর কঠোর অভিবাসন নীতি ঘোষণা করলেন ট্রাম্প
ডিজিটাল ডেস্কঃ হোয়াইট হাউসের (White House) নিকট ঘটে যাওয়া ভয়াবহ গুলিকাণ্ডের পর আরও কঠোর হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন (Immigration) ইস্যুতে কঠোর অবস্থানে ছিলেন তিনি, তবে সাম্প্রতিক ঘটনায় তাঁর নীতি আরও কঠোর রূপ নিল। শুক্রবার ভোরে ট্রুথ সোশ্যালে (Truth Social) করা বিস্তৃত পোস্টে ট্রাম্প ঘোষণা করেন—তৃতীয় বিশ্বের (Third World) কোনও দেশ থেকেই আর আমেরিকায় অভিবাসীদের প্রবেশ অনুমতি দেওয়া হবে না।
বুধবার রাতের ঘটনা—হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে টহল দিচ্ছিলেন ন্যাশনাল গার্ডের (National Guard) দুই সদস্য সারা বেকস্ট্রম এবং অ্যান্ড্রু উলফ। আচমকাই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় আফগান যুবক রহমানউল্লাহ লাকানওয়ালা। পাল্টা গুলিবর্ষণে জড়ালেন দুই গার্ড সদস্যও। তীব্র গুলিযুদ্ধে গুরুতর জখম হন দু’জনেই। হাসপাতালে ভর্তি করানো হলে শুক্রবার সকালে সারা-র মৃত্যু হয়।
এই ঘটনার জেরে ক্ষুব্ধ ট্রাম্প আফগান নাগরিকদের অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। এরপরই ঘোষণা করেন—“তৃতীয় বিশ্বের সব দেশ থেকেই অভিবাসন বন্ধ।” তাঁর দাবি, অভিবাসীদের কারণে দেশের অগ্রগতি ব্যাহত হচ্ছে, সামাজিক স্থিতি নষ্ট হচ্ছে।
ট্রাম্প আরও জানান—যাঁরা আমেরিকার নাগরিক নন, তাঁদের সরকারি সুবিধা (Benefits) ও ভর্তুকি (Subsidies) বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি যাঁরা “দেশকে ভালোবাসেন না”, তাঁদের নাগরিকত্ব বাতিল বা বহিষ্কার করার কথাও বলেন তিনি।
পোস্টের শেষে থ্যাঙ্কসগিভিং (Thanksgiving) উপলক্ষে বার্তাও দেন ট্রাম্প, তবে সেই বার্তাও কড়া সুরে—“যারা ঘৃণা করে, চুরি করে, হত্যা করে—তারা এখানে বেশিদিন থাকবে না।”