ভাইরাল খবর
হোয়াইট হাউসের কাছে গুলিকাণ্ডে ন্যাশনাল গার্ড সদস্য সারার মৃত্যু, শোক প্রকাশ ট্রাম্পের
ডিজিটাল ডেস্কঃ হোয়াইট হাউসের (White House) কাছাকাছি গুলির লড়াইয়ে গুরুতরভাবে আহত ন্যাশনাল গার্ড (National Guard) সদস্য সারা বেকস্ট্রম (Sarah Beckstrom)-এর মৃত্যু হলো। আর এক গার্ড সদস্য অ্যান্ড্রু উলফ (Andrew Wolf) এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে তিনি সারার মৃত্যুর খবর প্রকাশ করেন এবং দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন।
মাত্র ২০ বছর বয়সী সারা, ওয়েস্ট ভার্জিনিয়ার (West Virginia) বাসিন্দা। প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন— “সারা দুই গার্ডসম্যানের একজন। অত্যন্ত সম্মানিত এবং অসাধারণ মানুষ ছিলেন। দুঃখের সঙ্গে জানাচ্ছি, তিনি আর আমাদের মাঝে নেই।”
অন্যদিকে ২৪ বছরের অ্যান্ড্রু উলফের অবস্থা সংকটজনক। ট্রাম্প জানিয়েছেন, “অ্যান্ড্রু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।”
সারার বুকে গুলি লেগেছিল (Gunshot Wound) বলে পরিবারের সূত্রে জানা যায়। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সারার বাবা গ্যারি বেকস্ট্রম জানান—“মেয়ের জখম এতটাই গুরুতর যে সুস্থতার আশা নেই। ঈশ্বরের কাছেই প্রার্থনা করতে পারি।”
সারার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর জ্যানিন পিরো (Jeanine Pirro)। তিনি লেখেন—“সারা একজন সত্যিকারের বীর। যাঁদের কখনও দেখেননি, তাঁদের সুরক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করলেন।”
বুধবার গভীররাতে হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে টহলদারি করার সময় আচমকা গুলি চালায় আফগান যুবক রেহমানউল্লাহ লাকানওয়ালা (Rehmannullah Lakanwala)। পাল্টা গুলি চালান সারা ও অ্যান্ড্রু। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হামলাকারী স্মিথ অ্যান্ড ওয়েসন (Smith & Wesson) রিভলভার দিয়ে তাদের লক্ষ্য করে হামলা চালায়।