চন্দ্রনাথ হত্যাকাণ্ডে সিবিআই নয়! আপাতত রাজ্য পুলিশের তদন্তেই ভরসা রাখছেন শুভেন্দু
Connect with us

খুন

চন্দ্রনাথ হত্যাকাণ্ডে সিবিআই নয়! আপাতত রাজ্য পুলিশের তদন্তেই ভরসা রাখছেন শুভেন্দু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মধ্যমগ্রামের (Madhyamgram) বহুচর্চিত চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্ত ঘিরে রাজনৈতিক চাপানউতোর চললেও, আপাতত রাজ্য পুলিশের তদন্ত প্রক্রিয়ার উপরেই আস্থা রাখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী তথা এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (Executive Assistant) চন্দ্রনাথ রথকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের ঘটনায় ইতিমধ্যেই একাধিক সূত্র হাতে পেয়েছে পুলিশ বলে জানা গিয়েছে।

বুধবার রাতের এই চাঞ্চল্যকর হামলার পর তদন্তে নেমেছে বারাসত পুলিশ জেলা। খোদ রাজ্য পুলিশের ডিজি (DGP) সিদ্ধিনাথ গুপ্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করে আততায়ীদের গতিবিধি খোঁজা হচ্ছে। হামলায় ব্যবহৃত সন্দেহভাজন গাড়িটিও উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, সেই গাড়িতে ভুয়ো নম্বর প্লেট (Fake Number Plate) ব্যবহার করা হয়েছিল।

ঘটনার পর শুভেন্দু অধিকারী দাবি করেন, এটি কোনও আকস্মিক হামলা নয়, বরং অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা খুন। তাঁর কথায়, হামলাকারীরা কয়েকদিন ধরেই এলাকায় রেইকি (Recce) চালাচ্ছিল। যদিও রাজনৈতিক যোগের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি, তবে তদন্তের স্বার্থে এখনই কাউকে সরাসরি দায়ী করতে চাননি বিরোধী দলনেতা। এদিকে বিজেপির তরফে তদন্তের ওপর নজর রাখতে প্রাক্তন আইপিএস (IPS) অফিসার ভারতী ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিয়মিত পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন বলে সূত্রের খবর।

Advertisement
ads

ঘটনার পর এলাকায় পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। তিনি ও শুভেন্দু অধিকারী উভয়েই দলীয় কর্মী-সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নিহত চন্দ্রনাথ রথের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তী একে সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও পূর্ণাঙ্গ তদন্ত ও দ্রুত দোষীদের শাস্তির দাবি তুলেছেন।

Continue Reading
Advertisement