মালদা
থানার থেকে স্বল্পদূরত্বে থাকা লটারির দোকানে চুরি, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
নিজস্ব সংবাদদাতা , হরিশচন্দ্রপুর , ০৩ মার্চ : থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এক দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হরিশচন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায়। মঙ্গলবার রাতে বাসস্ট্যান্ড এলাকায় থাকা লটারির দোকানের শাটার ভেঙ্গে দেড় লক্ষ টাকার লটারি এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।বুধবার সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে আসে দোকান মালিক সঞ্জীব সিংহের।
উল্লেখ্য এর আগেও ওই দোকানে একবার চুরির ঘটনা ঘটেছিল।দোকান মালিক সঞ্জীব সিংহ জানিয়েছেন, ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ওই দোকান করেছিলেন তিনি। লকডাউনে এমনিতেই তার ব্যবসা চলছিল না। সকালে এসে দোকানের তালা ভাঙ্গা দেখতে পাই। দুই বার চুরি হয়েছে তার দোকানে। পারিবারিক জমি সম্পত্তিও বলে কিছুই নেই তার।ফের চুরির ঘটনায় মাথায় হাত পড়েছে তার। অন্যদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় প্রায়শই মোবাইল ছিনতাই, মন্দিরের প্রণামী বাক্স চুরি কিংবা টাকা লুঠের ঘটনা ঘটছে।নেশায় আসক্ত যুবকেরা এই কান্ড ঘটিয়ে থাকে বলে দাবী এলাকাবাসীদের। স্থানীয় বাসিন্দা চন্দ্রনাথ রায় বলেন, লটারির দোকান ভেঙ্গে টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে চোরেরা। কয়দিন আগেই এই দোকান থেকেই চুরি হয়েছিল। নেশাগ্রস্তদের আটকাতে বারবার প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে কিন্তু প্রশাসন এব্যাপারর নিশ্চুপ বলে অভিযোগ করেছেন তিনি।এই ঘটনায় হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন দোকানমালিক সঞ্জীব সিংহ। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান চুরির অভিযোগ এসেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আইসি সঞ্জয় কুমার দাস।
