মালদা
স্টেডিয়ামে গর্ত করে ফেলা হচ্ছে নোংরা আবর্জনা, পঞ্চায়েতের এই পদক্ষেপে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ০১ মার্চ : মহকুমা প্রশাসনের নির্দেশকে অমান্য করে চাঁচল স্টেডিয়ামে নোংরা আবর্জনা ফেলে ডাম্পিংগ্রাউন্ড নির্মাণের অভিযোগ উঠলো পঞ্চায়েত প্রশাসনের বিরূদ্ধে। এই ঘটনায় সোচ্চার হল এলাকার বাসিন্দারা।উল্লেখ্য চাঁচলে পূর্ণাঙ্গ স্টেডিয়াম গড়ার দাবী বহুদিন থেকেই জানিয়ে আসছিল এলাকাবাসীরা।
সেই মত কাজ শুরু হলেও এখনো তা সম্পূর্ণ হয়নি।কিন্তু তার আগেই সেই ফুটবল স্টেডিয়ামের চারপাশে নোংরা আবর্জনা ভরে উঠেছে।শুধু তাই নয় স্টেডিয়ামের একপ্রান্তে বিশাল গর্ত করে শহরের সমস্ত নোংরা আবর্জনা থেকে শুরু করে ফেলা হচ্ছে মৃত পশুও। দীপা কর্মকার নামে এক এলাকাবাসীর অভিযোগ, স্টেডিয়ামে আবর্জনা ফেলায় দূর্গন্ধ ছড়ায় আশেপাশে। দূর্গন্ধে টেকা দায় হয়ে গিয়েছে আশেপাশে। ছড়াচ্ছে দূষণও।ফলে বাস করা দুষ্কর হয়ে পড়েছে। নোংরা আবর্জনা ফেলা নিয়ে অনেকবার অভিযোগ করা হলেও কোন লাভ হয়নি। অন্যদিকে লাল্টু নামে এক পঞ্চায়েত কর্মী জানিয়েছেন, আগে অন্যজায়গাতে নোংরা আবর্জনা ফেলা হত। কিন্তু পঞ্চায়েত কর্তৃপক্ষের নির্দেশে এখন থেকে নোংরা আবর্জনা স্টেডিয়ামের গর্তে ফেলা হচ্ছে বলে জানিয়েছেন ওই পঞ্চায়েত কর্মী। যদিও এই অভিযোগ পুরোটাই স্বীকার করে নিয়েছেন চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল তালুকদার। তবে মাঠের একপ্রান্তে ফেলার পর সেগুলি দ্রুত অন্যত্র সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন উপপ্রধান
উৎপল তালুকদার।
